তিন মাসের মধ্যে দারোয়ানি টেক্সটাইল মিল চালু হবে : শিল্প প্রতিমন্ত্রী

অনলাইন ডেস্ক

আগামী তিন মাসের মধ্যে নীলফামারীতে বন্ধ থাকা দারোয়ানি টেক্সটাইল মিল চালুর ব্যাপারে সরকার উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম।

রবিবার দুপুরে মিলটি পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

প্রতিমন্ত্রী বলেন, আগামী তিন মাসের মধ্যে নীলফামারীতে বন্ধ থাকা দারোয়ানি টেক্সটাইল মিল চালুর ব্যাপারে সরকার উদ্যোগ নিয়েছে। ইতোমধ্যে এ সংক্রান্ত দরপত্র আহ্বান করা হয়েছে এবং বিনিয়োগকারীও পাওয়া গেছে। বন্ধ থাকা দেশের সবগুলো জুটমিল ও টেক্সটাইল মিল পর্যায়ক্রমে চালুর মধ্য দিয়ে অর্থনীতির চাকা সচলের পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টি করা হবে।

তিনি বলেন, একইসঙ্গে পাটের সুদিন ফিরিয়ে আনতে সরকার কাজ করছে। কৃষকরা যেন পাটের ন্যায্য মূল্য পায় সেটিতে জোর দেওয়া হয়েছে। এছাড়া, পলিথিন নির্মূলে পাটের পণ্য ব্যবহারের ওপর ধীরে ধীরে জনসচেতনতা তৈরি করা হবে।

এ সময় বস্ত্র ও পাট সচিব বিলকিস জাহান রিমি বলেন, বিগত বছরগুলোর তুলনায় কৃষকরা এখন বেশি দামে পাট বিক্রি করছেন, কাঁচা পাট রফতানি কমায় পাটজাত দ্রব্য রফতানি বেড়েছে, পাট জাতদ্রব্য রফতানি করে গত বছরে ৮২০ মিলিয়ন মার্কিন ডলার আয় হয়েছে।

এ সময় নীলফামারী-০২ (সদর) আসনের সংসদ সদস্য আল ফারুক আব্দুল লতিফ, নীলফামারীর অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. সাইদুর রহমানসহ প্রশাসনের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights