তিস্তার পানি বিপৎসীমার কাছাকাছি, তৃতীয় দফা বন্যার শঙ্কা

লালমনিরহাট প্রতিনিধি

ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা ঢলে তিস্তা নদীর পানি আবারও দ্রুত বাড়ছে। নদীর পানি বর্তমানে বিপৎসীমার কাছাকাছি অবস্থান করায় তৃতীয় দফা বন্যার আশঙ্কায় উদ্বেগে রয়েছেন তিস্তাপাড়ের বাসিন্দারা।

পানি উন্নয়ন বোর্ড (পাউবো) জানিয়েছে, মঙ্গলবার সকাল ৬টায় ডালিয়া পয়েন্টে তিস্তার পানি বিপৎসীমার ২৫ সেন্টিমিটার নিচে ছিল। দিনভর পানি বাড়তে বাড়তে সন্ধ্যায় তা বিপৎসীমার ১২ সেন্টিমিটার নিচে পৌঁছে। বুধবার সকালে পানি কিছুটা কমে বিপৎসীমার ১৭ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হলেও সন্ধ্যা ৬টায় আবারও বেড়ে বিপৎসীমার ১৫ সেন্টিমিটার নিচে অবস্থান করে।

এদিকে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, আগামী তিন দিনে তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানি দ্রুত বাড়তে পারে। আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে তিস্তার পানি বিপৎসীমা অতিক্রম করার আশঙ্কা রয়েছে। এতে নীলফামারী ও লালমনিরহাট জেলার নদীসংলগ্ন নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে।

এ ছাড়া আগামী ৭২ ঘণ্টার মধ্যে ধরলা ও দুধকুমার নদীর পানি কুড়িগ্রাম ও লালমনিরহাট জেলায় সতর্কসীমায় পৌঁছাতে পারে। ফলে ওইসব জেলার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।

লালমনিরহাট পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সুনীল কুমার বলেন, তিস্তার পানি বিপৎসীমার খুব কাছাকাছি রয়েছে। উজানে বৃষ্টিপাত অব্যাহত থাকলে স্বল্পমেয়াদি বন্যা দেখা দিতে পারে। তবে সম্ভাব্য নদীভাঙন ও জরুরি পরিস্থিতি মোকাবিলায় পানি উন্নয়ন বোর্ড প্রস্তুত রয়েছে। এ জন্য বালিভর্তি বস্তা ও জিও ব্যাগ মজুত রাখা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights