তুরস্কে রেকর্ড গড়ে গ্যালাতাসারাইয়ে নাইজেরিয়ান গোলমেশিন

স্পোর্টস ডেস্ক
তুরস্কের ফুটবল ইতিহাসে নতুন রেকর্ড গড়েছে গ্যালাতাসারাই। নাপোলি থেকে নাইজেরিয়ান গোলমেশিন ভিক্টর ওসিমেনকে স্থায়ী চুক্তিতে দলে ভিড়িয়ে সর্বকালের সবচেয়ে ব্যয়বহুল ট্রান্সফার সম্পন্ন করেছে সুপার লিগের চ্যাম্পিয়নরা। এই চুক্তিতে তাদের খরচ হয়েছে ৭৫ মিলিয়ন ইউরো (প্রায় ৮৫.৭৪ মিলিয়ন ডলার)।

এই ট্রান্সফারের মধ্য দিয়ে ভেঙে গেছে তুরস্কের পূর্বের সর্বোচ্চ ট্রান্সফার রেকর্ড। গত বছর সেভিয়া থেকে ইউসেফ এন-নেসিরিকে ২০ মিলিয়ন ইউরোতে দলে নিয়েছিল ফেনেরবাহচে, যা এতদিন পর্যন্ত ছিল দেশটির ফুটবলে সবচেয়ে ব্যয়বহুল চুক্তি।

গ্যালাতাসারাই এক বিবৃতিতে জানিয়েছে, ২৬ বছর বয়সী ওসিমেনের সঙ্গে চার বছরের চুক্তি হয়েছে, যা কার্যকর হবে ২০২৫-২৬ মৌসুম থেকে। নতুন চুক্তি অনুযায়ী, প্রতি মৌসুমে ওসিমেন ক্লাব থেকে ১৫ মিলিয়ন ইউরো নেট বেতন, ১ মিলিয়ন ইউরো লয়্যালটি বোনাস এবং ৫ মিলিয়ন ইউরো ইমেজ রাইটস বাবদ আয় করবেন। এছাড়া ভবিষ্যতে যদি ওসিমেন অন্য কোনো ক্লাবে যান, তার ট্রান্সফার ফি’র ১০ শতাংশ পাবে নাপোলি।

গত মৌসুমে ধারে গ্যালাতাসারাইয়ের হয়ে খেলেছিলেন ওসিমেন এবং সুপার লিগে ঝড় তুলেছিলেন গোল দিয়ে। ২৬ গোল করে হন মৌসুমের সর্বোচ্চ গোলদাতা। সব প্রতিযোগিতা মিলিয়ে তার গোল সংখ্যা ছিল ৩৭, যা তুর্কি ফুটবলে এক মৌসুমে কোনো বিদেশি খেলোয়াড়ের সর্বোচ্চ গোলের রেকর্ড।

লিল, উলফসবুর্গ এবং নাপোলির হয়ে ক্লাব ফুটবলে সাফল্যের পর ওসিমেন এখন তুরস্কেও নিজের জায়গা পাকা করে নিচ্ছেন। আন্তর্জাতিক অঙ্গনেও সফল এই ফরোয়ার্ড নাইজেরিয়ার জার্সি গায়ে ৪০ ম্যাচে করেছেন ২৬ গোল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights