তেল আবিবে ইসরায়েলি সেনা সদরদফতরে ড্রোন হামলা

অনলাইন ডেস্ক

তেল আবিবে ইসরায়েলের সামরিক বাহিনী সদরদফতর ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ে ড্রোন হামলা চালিয়েছে হিজবুল্লাহ। ইরান-সমর্থিত লেবাননের এই সশস্ত্র গোষ্ঠীটির দাবি বুধবার তেল আবিবের প্রাণকেন্দ্রে তারা এই হামলা চালিয়েছে।

এক বিবৃতিতে হিজবুল্লাহ বলেছে, ইসরায়েলের বাণিজ্যিক কেন্দ্র খ্যাত তেল আবিবে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর প্রধান কার্যালয়ে ‘‘বিস্ফোরক বোঝাই ড্রোন’’ হামলা চালানো হয়েছে। তবে এই হামলায় সেখানে কোনও ক্ষয়ক্ষতি কিংবা প্রাণহানি ঘটেছে কি না সেই বিষয়ে কিছু জানায়নি হিজবুল্লাহ।

ইসরায়েলের সামরিক বাহিনী বলেছে, লেবানন থেকে ছোড়া দুটি ড্রোন ও ৪০টি প্রোজেক্টাইলে বাধা দিয়েছে ইসরায়েলি বাহিনী। তবে লেবাননের সশস্ত্র গোষ্ঠীর এই হামলায় কোনও হতাহতের ঘটনা ঘটেনি।
এছাড়া তেল আবিবের কোন এলাকা লক্ষ্য করে এসব ড্রোন ও প্রোজেক্টাইল ছোড়া হয়েছিল, সেই বিষয়ে সুনির্দিষ্ট করে কোনও তথ্য জানায়নি ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।

হিজবুল্লাহর বিবৃতিতে বলা হয়েছে, ইসরায়েলের কিরিয়া সামরিক ঘাঁটিতে প্রথমবারের মতো বিমান হামলা চালিয়েছেন হিজবুল্লাহর যোদ্ধারা। কিরিয়ার সামরিক ঘাঁটিটি ইসরায়েলের যুদ্ধবিষয়ক মন্ত্রণালয় ও কর্মীদের সদরদফতর হিসেবে ব্যবহার করা হয়। একই সঙ্গে ইসরায়েলের যুদ্ধ ব্যবস্থাপনা ও বিমানবাহিনীর যুদ্ধ নিয়ন্ত্রণ ও তত্ত্বাবধান কর্তৃপক্ষের কার্যালয়ও সেখানে রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights