‘তোমাদের আরিফ ভাইয়া’ কিশোর গ্যাংয়ের প্রধানসহ গ্রেফতার ৪
অনলাইন ডেস্ক
গ্রেফতার কিশোর গ্যাং প্রধান আরিফ নিজেই এই গ্যাং পরিচালনা করেন। গ্যাংয়ের প্রধান হিসেবে তিনি নিজে গলায় ‘তোমাদের আরিফ ভাইয়া’ নামে ট্যাটুও করেন
‘তোমাদের আরিফ ভাইয়া’ নামের কিশোর গ্যাং গ্রুপের মো. আরিফ মিয়া (২৩) ও তার তিন সহযোগীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার তিন সহযোগী হলেন- হৃদয় (২০), মো. আলম (১৯) এবং মো. রমজান (১৯)।
গতকাল রবিবার দিনগত রাতে রাজধানীর মিরপুর মডেল থানার জার্মান টেকনিক্যালের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়।
আজ সোমবার সংবাদমাধ্যমকে এ তথ্য জানান মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন।
তিনি বলেন, গ্রেফতার আরিফ মিরপুরের চিহ্নিত কিশোর গ্যাং প্রধান। তার দলের নাম ‘তোমাদের আরিফ ভাইয়া’। দলবল নিয়ে বিভিন্ন স্থানে মারামারি ও আতঙ্ক সৃষ্টি করাই ছিল তাদের কাজ। তার গ্রুপে ১০/১২ জন সদস্য রয়েছে। তারা ম্যাসেঞ্জারের মাধ্যমে নিজেদের মধ্যে যোগাযোগ করতো। গ্রুপের কোনো সদস্য কোথাও আক্রান্ত হলে বাকিরা ছুরি, লাঠি নিয়ে সেখানে হামলা চালাত।
ওসি আরও বলেন, গ্রেফতার কিশোর গ্যাং প্রধান আরিফ নিজেই এই গ্যাং পরিচালনা করেন। গ্যাংয়ের প্রধান হিসেবে তিনি নিজে গলায় ‘তোমাদের আরিফ ভাইয়া’ নামে ট্যাটুও করেন। গতকাল রবিবার রাতে তারা ছুরি, চাকু সঙ্গে দলবল নিয়ে একজনকে মারতে যাচ্ছিল তারা। গোপন সংবাদের ভিত্তিতে মিরপুর মডেল থানার জার্মান টেকনিক্যালের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়। পরে তাদের কাছ থেকে তিনটি চাকু উদ্ধার করা হয়।
