থাইল্যান্ডে ভিসা ছাড়া থাকার মেয়াদ কমতে পারে

অনলাইন ডেস্ক

ভিসাব্যবস্থার অপব্যবহার ও নিরাপত্তা ঝুঁকি নিয়ে উদ্বেগের কথা বিবেচনা করে নতুন সিদ্ধান্ত নিতে যাচ্ছে থাইল্যান্ড।

বিদেশি পর্যটকদের জন্য ভিসামুক্ত অবস্থানের মেয়াদ ৬০ দিন থেকে কমিয়ে ৩০ দিন করার প্রস্তাব আনতে যাচ্ছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। তবে প্রয়োজন হলে পর্যটকেরা অতিরিক্ত ৩০ দিন থাকার সুযোগ পাবেন।

থাইল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভিসানীতি তদারকি কমিটি বলছে, দেশটিতে ভিসার ক্ষেত্রে বর্তমান সময়সীমা প্রয়োজনের তুলনায় বেশি।

দেশটির পররাষ্ট্রমন্ত্রী সিহাসাক ফুয়াংকেটকেও বলেন, প্রকৃত পর্যটনের বাইরে অন্য উদ্দেশ্যে প্রবেশকারীরা ভিসার এই দীর্ঘ সময়সীমার সুযোগ নিচ্ছেন। বাস্তবে অধিকাংশ পর্যটকের জন্য ৩০ দিনই যথেষ্ট। ভিসামুক্ত প্রবেশের আওতায় থাকা দেশগুলোর নাগরিকেরা ৩০ দিন থাকতে পারবেন। এ ছাড়া প্রয়োজনে আরও ৩০ দিনের জন্য মেয়াদ বাড়ানোর সুযোগ পাবেন।

তিনি আরও বলেন, এই সিদ্ধান্ত কোনো নির্দিষ্ট দেশ বা নাগরিকদের লক্ষ্যে নয়; মূলত অনলাইন প্রতারণা ও অন্যান্য অপব্যবহার রোধ করাই এর উদ্দেশ্য।

সম্প্রতি ফুকেট শহর সফর করেন থাইল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী সিহাসাক ফুয়াংকেটকেও। তখন পররাষ্ট্রমন্ত্রীর কাছে এ ব্যবস্থার বিভিন্ন নেতিবাচক দিক তুলে ধরেন পর্যটন ব্যবসায়ীরা। পর্যটনকেন্দ্রগুলোতে দেখা গেছে, ৬০ দিনের ভিসায় এসে অনেক বিদেশি স্থানীয়দের জন্য সংরক্ষিত খাতে ব্যবসা শুরু করছেন। এ ছাড়া ভুয়া মালিকানা ব্যবহার করে অবৈধভাবে সম্পত্তিও কিনছেন। এ ছাড়া অনলাইনে প্রতারণার চক্রে জড়িত অনেককেই গ্রেফতারের পর দেখা গেছে, তারা পর্যটক ভিসায় থাইল্যান্ডে প্রবেশ করেছিলেন।

পর্যটন খাতকে চাঙা করতে থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী স্রেথা থাভিসিন সরকারের সময় ৬০ দিনের ভিসামুক্ত সুবিধা চালু করা হয়েছিল।

সূত্র: ব্যাংকক পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights