থানায় অভিযোগ দেওয়ায় গৃহবধূর উপর হামলা, বাড়িতে লুটপাট

কুষ্টিয়া প্রতিনিধি:

পূর্ব শত্রুতার জেরে দুজনের বাগবিতণ্ডা। এক পর্যায়ে তাদের মধ্যে ঘটে হাতাহাতির ঘটনা। এ নিয়ে থানায় লিখিত অভিযোগ করায় হামলা চালিয়ে এক গৃহবধূকে গুরুতর আহত ও তার বাড়িতে লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি কুষ্টিয়ার কুমারখালীর শিলাইদহ ইউনিয়নের জাহেদপুর গ্রামের।

এ ঘটনায় সোমবার সাতজনকে আসামি করে ওই গৃহবধূর স্বামী মো. রেন্টু আলী শেখ (৪০) থানায় মামলা করেন। মামলা নম্বর ৪। আহত গৃহবধূ মোছা. অঞ্জনা খাতুন (৩৫) বর্তমানে কুষ্টিয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার মাথায়, মুখে ও শরীরের একাধিক স্থানে ক্ষত চিহৃ রয়েছে।

এজাহার নামীয় আসামিরা হলেন একই এলাকার উকিল শেখের ছেলে মো. সোহান হোসেন (২৭), মৃত কেছমত শেখের ছেলে মো. কোরবান (৪৫), শেখ মতলেব শেখের ছেলে মো. বিপুল শেখ ( ২৬), দাউদ শেখের ছেলে মো. জাহিদ শেখ (২৫), আসাদুল শেখের ছেলে মো. জয় (২০), কোরবান শেখের ছেলে মো. বাপ্পি ( ২৩) ও ফজুল শেখের ছেলে মো. মিজান (২৬)। ঘটনার পর থেকেই তারা পলাতক রয়েছেন বলে জানা গেছে।
এ বিষয়ে মামলার বাদী মো. রেন্টু আলী শেখ বলেন, প্রায় দুইমাস পূর্বে জমির ধানকাটা নিয়ে এলাকার উকিল শেখের সাথে তার বিরোধ সৃষ্টি হয়েছিল। সে ঘটনা এলাকায় সালিস বৈঠকে মিটমাট করে তিনি ব্যবসায়ীক কাজে মাদারীপুর গিয়েছিলেন। এরপর গত বৃহস্পতিবার রাতে তিনি বাড়িতে ফিরলে শুক্রবার রাত ৮ টার দিকে উকিল শেখের ছেলে সোহান হোসেনের সাথে স্থানীয় এক মুদি দোকানের সামনে তাদের বাগবিতণ্ডা ও হাতাহাতি হয়। ওই রাতেই বিষয়টি তিনি থানায় জানান। সে কারণে গত শনিবার বিকেলে আসামিরা তাঁর বাড়িতে দেশীয় অস্ত্রসস্ত্রসহ আক্রমণ চালিয়ে তার স্ত্রীকে গুরুতর আহত করেন এবং নগদ টাকাসহ মালামাল লুটপাট করে চলে যান।

ঘটনার পর থেকেই আসামিরা পলাতক রয়েছেন। এ বিষয়ে ওই এলাকার নাসিরের স্ত্রী ফাতেমা খাতুন বলেন, জমির ধানকাটা নিয়ে তাদের বিরোধ চলছিল। এ নিয়েই মাঝেমধ্যেই তাদের তর্কবিতর্ক হতো। এবার রক্তপাতের ঘটনা ঘটেছে।

কুমারখালী থানার ওসি মো. মোহসীন হোসাইন বলেন, ধানকাটা নিয়ে তাদের সামাজিক বিরোধ চলছিল। বিরোধের জেরেই হামলার ঘটনা ঘটেছে। গৃহবধূর স্বামী থানায় মামলা করেছেন। আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights