থ্রোবল প্রতিযোগিতায় সাউথ পয়েন্ট স্পোর্টস ক্লাবের ট্রফি অর্জন

অনলাইন ডেস্ক

বাংলাদেশ থ্রোবল অ্যাসোসিয়েশনের আয়োজনে দুই দিনব্যাপী অনুষ্ঠিত ৬ষ্ঠ জাতীয় থ্রোবল প্রতিযোগিতায় সাউথ পয়েন্ট স্পোর্টস ক্লাব (এস পি এস সি) পুরুষ বিভাগে দ্বিতীয় রানারআপ (৩য়) হওয়ার গৌরব অর্জন করেছে। প্রতিযোগিতায় পুরুষ ও মহিলা বিভাগে ৮টি করে মোট ১৬টি দল অংশগ্রহণ করে।

গত ২২ জুলাই বাংলাদেশ রোলার স্কেটিং কমপ্লেক্সে প্রতিযোগিতার উদ্বোধন করেন জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক জনাব মোহাম্মদ আমিনুল এহসান। এছাড়াও বাংলাদেশ আনসার ও ভিডিপির পরিচালক (ক্রীড়া ও সংস্কৃতি) মীর্জা সিফাত-ই-খুদা এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

পুরুষ বিভাগে বাংলাদেশ জেল দল চ্যাম্পিয়ন, বাংলাদেশ পুলিশ থ্রোবল ক্লাব রানার্সআপ এবং সাউথ পয়েন্ট স্পোর্টস ক্লাব তৃতীয় স্থান অর্জন করে। মহিলা বিভাগে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ আনসার ও ভিডিপি, রানার্সআপ হয় বাংলাদেশ পুলিশ ও তৃতীয় স্হান অর্জন করে নড়াইলের ফিরোজ স্মৃতি সংসদ।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক জনাব মো. দৌলতুজ্জামান খাঁন এন ডি সি বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বাংলাদেশ থ্রোবল অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও সাউদার্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. শরীফ আশরাফুজ্জামান, বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ লুৎফর রহমান, থ্রোবল অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি ও টুর্নামেন্ট কমিটির সদস্যসচিব মো. দীন ইসলাম এবং বাংলাদেশ থ্রোবল অ্যাসোসিয়েশনের টেকনিক্যাল কমিটির প্রধান ও যুগ্ম সম্পাদক জনাব বিএম শহীদুজ্জামান পুরস্কার বিতরণীতে উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বছর মালয়েশিয়ার কুয়ালালামপুরে অনুষ্ঠিত এশিয়ান থ্রোবল প্রতিযোগিতায়ও বাংলাদেশ থেকে সাউথ পয়েন্ট স্পোর্টস ক্লাব (এস পি এস সি) বালক দল রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করেছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights