দক্ষ মানবসম্পদ গঠনে এনএমআইয়ের ভূমিকা অপরিহার্য: প্রতিমন্ত্রী রাজীব আহসান
মাদারীপুর প্রতিনিধি
সমুদ্র শুধু পানি নয়, এটা সুযোগের এক বিশাল দরজা। সেই দরজা খুলে দিতেই মাদারীপুরে কাজ করে যাচ্ছে ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউট বা এনএমআই। বৃহস্পতিবার প্রতিষ্ঠানটির নিজস্ব ক্যাম্পাসে দ্বিতীয় ব্যাচের শিক্ষার্থীদের পাসিং আউট বা সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নৌপরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. রাজীব আহসান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলীম মিয়া, নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব জাকারিয়া, নৌপরিবহন অধিদপ্তরের মহাপরিচালক কমডোর মো. শফিউল বারীসহ ঊর্ধ্বতন কর্মকর্তা ও আমন্ত্রিত অতিথিরা।
প্রশিক্ষণ চলাকালে শিক্ষার্থীরা নৌ-প্রযুক্তি, নিরাপত্তা ব্যবস্থাপনা, শৃঙ্খলা এবং ব্যবহারিক বিভিন্ন বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ নেন। সফলভাবে কোর্স সম্পন্ন করা শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। তারা আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজে কর্মসংস্থানের জন্য সম্পূর্ণ প্রস্তুত বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।
বিদেশে গিয়েও দেশের ভাবমূর্তি রক্ষার আহ্বান প্রতিমন্ত্রীর
প্রতিমন্ত্রী রাজীব আহসান শিক্ষার্থীদের বলেন, বিদেশি জাহাজে কর্মরত থাকার সময় তারা শুধু নাবিক নন, প্রত্যেকেই হবেন বাংলাদেশের একজন দূত। তাদের নিষ্ঠা ও পেশাদারিত্বের ওপরই নির্ভর করবে বিশ্ববাজারে বাংলাদেশের ভাবমূর্তি। সততা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করে দেশের সুনাম বৃদ্ধিতে অবদান রাখার আহ্বানও জানান তিনি।
বক্তারা বলেন, বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে সামুদ্রিক খাত দ্রুত প্রসারিত হচ্ছে। এ খাতে দক্ষ ও আন্তর্জাতিক মানসম্পন্ন জনবল গড়ে তোলার কোনো বিকল্প নেই। এনএমআই সেই লক্ষ্যেই গুরুত্বপূর্ণ অবদান রাখছে। অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।
