দক্ষিণ আফ্রিকার কাছে হার সবাইকে কষ্ট দিয়েছে’

অনলাইন ডেস্ক

এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের তো বটেই, তর্কসাপেক্ষে ইতিহাসেরই অন্যতম সেরা ম্যাচ ছিল গ্রুপ পর্বে দক্ষিণ আফ্রিকা এবং আফগানিস্তানের ম্যাচ। দুইবার সুপার ওভার খেলে সেবার আফগানদের হারায় দক্ষিণ আফ্রিকা।

দুই সুপার ওভারের পরতে পরতে মিশে ছিল নাটকীয়তা আর রোমাঞ্চ। মূল ম্যাচেও নাটক কম হয়নি। শ্বাসরুদ্ধকর ম্যাচে হেরে আফগানদের বিশ্বকাপ থেকে বিদায় প্রায় নিশ্চিত হয়েছে। সেই ম্যাচে প্রোটিয়াদের হারিয়ে দিতে পারলে সুপার এইটে খেলার সুযোগ থাকত আফগানদের।

পরের দুই ম্যাচ জিতলেও তাই গ্রুপ পর্ব থেকেই বিদায় নিচ্ছে আফগানিস্তান। কানাডাকে ৮২ রানে হারিয়ে দক্ষিণ আফ্রিকা ম্যাচ নিয়েই কষ্টের কথা জানালেন আফগান অধিনায়ক রশিদ খান।

ম্যাচ পরবর্তী পুরস্কার বিতরণী অনুষ্ঠানে রশিদ বলেছেন, ‘আমরা ভালোভাবেই প্রস্তুত হয়ে এসেছিলাম। কিছু অবিশ্বাস্য ক্রিকেটও খেলেছি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচটি (হারা) আসলে সবাইকে কষ্ট দিয়েছে। আমাদের প্রথম দুই ম্যাচের মধ্যে একটিতে জিততে হত এবং তখন দেখতে পারতাম টুর্নামেন্টটা কীভাবে আগায়।’

রশিদ আরও বলেছেন, ‘এই বিশ্বকাপ থেকে কিছু ইতিবাচক ব্যাপার নিয়ে আমরা সামনে এগিয়ে যাব। কিছু জায়গায় উন্নতি করতে হবে। ব্যাটিংয়ে মাঝের ওভারে, বড় দলের বিপক্ষে কিছুটা আটকে যাচ্ছি। বোলিংয়ে ডেথ ওভারে (আরও ভালো করতে হবে)। এগুলো আসবে যখন দ্বিপাক্ষিক সিরিজে বড় দলের সাথে খেলবেন তখন। আমাদের ভালো স্পিনার রয়েছে, ব্যাটিংয়ে টপ অর্ডারেও শক্তি আছে, তবে এখানেও উন্নতি দরকার।’

সমর্থকদের উদ্দেশ্যে রশিদ বলেছেন, ‘যারা আমাদের সাপোর্ট করতে এসেছেন সবাইকে অনেক ধন্যবাদ। এখানে খেলে মনে হয়েছে যেন নিজেদের ঘরেই খেললাম। এখানে সবার অনেক সমর্থন এবং ভালোবাসা পেয়েছি।’

কানাডার আগে সংযুক্ত আরব আমিরাতকে হারিয়ে ২ জয়ে ৪ পয়েন্ট নিয়ে বিশ্বকাপ শেষ করলো আফগানিস্তান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights