দক্ষিণ ইরানের পেট্রোকেমিক্যাল কারখানায় হামলা

অনলাইন ডেস্ক

ইরানের দক্ষিণ-পশ্চিম খুজেস্তান প্রদেশের একটি অপরিশোধিত তেল এবং প্রাকৃতিক গ্যাস থেকে উৎপাদিত রাসায়নিক পদার্থ কারখানা স্থাপনায় যৌথ হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল।

শনিবার (৪ এপ্রিল) এই হামলায় মাহশাহর বিশেষ পেট্রোকেমিক্যাল অঞ্চলসহ অন্যান্য শিল্প এলাকাকে লক্ষ্যবস্তু করা হয়েছে বলে জানিয়েছে তেহরান।

খুজেস্তান প্রদেশের ডেপুটি গভর্নর জানিয়েছেন, স্থানীয় সময় সকালে প্রাদেশিক রাজধানী আহভাজের পূর্ব ও পশ্চিমে তিনটি বিস্ফোরণ ঘটে, যদিও সে সময় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এরপর মাহশাহর পেট্রোকেমিক্যাল এলাকায় আরও তিনটি শক্তিশালী বিস্ফোরণ ঘটে, যদিও প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানানো হয়নি।

ওই কর্মকর্তা আরও জানান, ফজর ১ ও ২, রেজাল এবং আমির কবির পেট্রোকেমিক্যাল প্ল্যান্টগুলো এই হামলায় সরাসরি ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি সতর্ক করে বলেন, হামলার জেরে আহত ও নিহত হওয়ার ব্যাপক সম্ভাবনা রয়েছে।

এছাড়াও সকাল ১১টায় খোররামশাহরের শালামচেহ সীমান্ত বাণিজ্য টার্মিনালে হামলা চালানো হয়। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয় বলে জানা গেছে। এরপর মার্কিন-ইসরায়েলি যুদ্ধবিমান আবু আলি পেট্রোকেমিক্যাল কমপ্লেক্সে বন্দর-ই ইমাম খোমেনি স্থাপনায় হামলা চালানো হয়েছে।

এখন পর্যন্ত মাহশাহর এবং বন্দর-ই ইমাম খোমেনি হামলায় পাঁচজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

বিশেষ অর্থনৈতিক পেট্রোকেমিক্যাল অঞ্চলের কর্তৃপক্ষ জানিয়েছে, জরুরি কমান্ড কমিটির সিদ্ধান্ত অনুযায়ী এলাকার সক্রিয় শিল্প ইউনিটগুলো থেকে সকল কর্মীকে সরিয়ে নেওয়া হয়েছে।

কর্তৃপক্ষ জোর দিয়ে বলেছে, নির্গত কোনো সম্ভাব্য ক্ষতিকর পদার্থ বর্তমানে নিকটবর্তী শহরগুলোর জন্য কোনো হুমকি সৃষ্টি করছে না।

সূত্র: তাসনিম নিউজ এজেন্সি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights