দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা সরঞ্জাম কারখানায় বিস্ফোরণ, নিহত ৫

অনলাইন ডেস্ক
দক্ষিণ কোরিয়ার শীর্ষ প্রতিরক্ষা সরঞ্জাম নির্মাতা প্রতিষ্ঠান ‘হানওয়া অ্যারোস্পেস’র একটি কারখানায় বিস্ফোরণে পাঁচজন নিহত হয়েছেন। একই ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।

সোমবার (১ জুন) বেলা ১১টার দিকে রাজধানী সিউল থেকে প্রায় ১৫০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত দেজিয়ন শহরের কারখানাটিতে এ দুর্ঘটনা ঘটে। এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আরব নিউজ।

প্রতিষ্ঠানটি অস্ত্র, কামান ব্যবস্থা ও মহাকাশ প্রযুক্তি সংশ্লিষ্ট বিভিন্ন সরঞ্জাম উৎপাদন করে। দেজিয়নের কারখানাটিতে উন্নত অস্ত্র প্রযুক্তি এবং মহাকাশ গবেষণা ও উন্নয়ন কার্যক্রম পরিচালিত হয়।

হানওয়া অ্যারোস্পেসের প্রধান নির্বাহী কর্মকর্তা সন জায়ে-ইল জানান, রকেটের জ্বালানি তৈরিতে ব্যবহৃত একটি যন্ত্র পরিষ্কারের সময় বিস্ফোরণটি ঘটে থাকতে পারে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, যন্ত্রে রয়ে যাওয়া বিস্ফোরক পদার্থ পরিষ্কার করার সময় এ দুর্ঘটনা ঘটেছে।

তিনি বলেন, ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে প্রতিষ্ঠানের নিরাপত্তাব্যবস্থা পর্যালোচনা ও আরও জোরদার করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights