দলীয় শৃঙ্খলা ফেরাতে ইংল্যান্ড ক্রিকেটে কঠোর নিয়ম
অ্যাশেজে ভরাডুবির পর ইংল্যান্ড ক্রিকেটারদের মাঠের পারফরম্যান্সের পাশাপাশি মাঠের বাইরে তাদের আচরণও বিতর্কের কেন্দ্রে এসেছে। সিরিজ চলাকালীন এবং এর আগের নিউজিল্যান্ড সফরে খেলোয়াড়দের মদ্যপানের অভিযোগ উঠায় ইংল্যান্ড ক্রিকেট বোর্ড কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হলো।
ইংলিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল তাদের একটি প্রতিবেদনে জানিয়েছে অ্যাশেজ সিরিজ এবং তার আগে নিউজিল্যান্ড সফরে ক্রিকেটারদের অসংযমী আচারণের কারণে কড়া পদক্ষেপ নিচ্ছে ইংল্যান্ড। শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন দুইটি সাদা বলের সিরিজ এবং আগামী মাসের টি-টোয়েন্টি বিশ্বকাপে আচরণের আনুষ্ঠানিক কোনো নিয়মাবলী ঘোষণা করা করা হলেও, কলম্বো পৌঁছালেই নাকি তাদের আন্তর্জাতিক খেলোয়াড় হিসেবে দায়িত্ব মনে করিয়ে দেওয়া হবে।
মধ্যরাতের কারফিউ অনুযায়ী যদি আগে অনুমতি না নেওয়া থাকে তবে প্রতি রাতেই ১২টার আগে দলের হোটেলে ফিরে আসা বাধ্যতামূলক। এর উদ্দেশ্য হলো বিশ্বকাপের আগে খেলোয়াড়দের মনোযোগ ঠিক রাখা।
নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডেতে ৩-০ ব্যবধানে ধবলধোলাই হওয়া এবং অস্ট্রেলিয়ায় ১১ দিনেই অ্যাশেজ হারের সময় একাধিকবার মধ্যপানের অভিযোগ আছে ইংলিশ ক্রিকেটারদের বিরুদ্ধে। অ্যাশেজ সিরিজের মধ্যবর্তী ছয় দিনের বিরতির সময় একটি ভিডিও ফুটেজে দেখা যায় মাতাল অবস্থায় বেন ডাকেট রাতে অচেনা পথে ঘুরছেন, যেন কোথায় যেতে হবে বুঝতে পারছেন না।
পার্থে অবস্থানকালে খেলোয়াড়দের অতিরিক্ত মদ্যপান সংক্রান্ত প্রতিবেদনও ছিল, যেখানে তারা একটি কেসিনো কমপ্লেক্স হোটেলে থাকছিলেন। এই ঘটনায় ব্রুককে সর্বোচ্চ ৩০ হাজার পাউন্ড জরিমানা দিতে হয় এবং ইংল্যান্ডের সীমিত ওভারের ক্রিকেটে অধিনায়কত্ব হারানোরও শঙ্কায় ছিলেন তিনি।
