দলীয় স্বার্থে সংবিধান সংশোধনের সুযোগ বিদ্যমান

নিজস্ব প্রতিবেদক

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম, পীর সাহেব চরমোনাই বলেছেন, ফ্যাসিবাদের পতন হয়েছে, তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থাও ফিরে এসেছে। কিন্তু দলীয় স্বার্থে সংবিধান সংশোধনের সুযোগ এখনো বিদ্যমান। ভবিষ্যতে যাতে কোনো সরকার রাজনৈতিক উদ্দেশ্যে সংবিধান পরিবর্তন করতে না পারে, সেজন্য জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে।

আদালতের রায়ে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফিরে আসার ক্ষেত্র তৈরি হওয়ায় গতকাল বাংলাদেশ প্রতিদিনকে দেওয়া প্রতিক্রিয়ায় তিনি এসব কথা বলেন। পীর সাহেব চরমোনাই বলেন, ‘এই রায় বাংলাদেশের রাজনীতির জন্য ইতিবাচক ফলাফল বয়ে আনবে বলে আমরা আশা করছি। তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বিলোপসহ সংবিধানের পঞ্চদশ সংশোধনী-সংক্রান্ত হাই কোর্টের রায়ের বিরুদ্ধে করা আপিল দেশের সর্বোচ্চ আদালত খারিজ করে দিয়েছেন। এর ফলে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ও গণভোটের বিধান পুনর্বহাল-সংক্রান্ত হাই কোর্টের রায় বহাল থাকল। তবে শুধু রায়ের ফলাফল নয়, এর পেছনের প্রেক্ষাপটও গুরুত্বের সঙ্গে বিবেচনা করা প্রয়োজন। তিনি বলেন, নব্বইয়ের দশকে গণ আন্দোলনের মাধ্যমে যে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা প্রতিষ্ঠিত হয়েছিল, পরবর্তী সময়ে বিদ্যমান সাংবিধানিক সুযোগকে ব্যবহার করেই তা বাতিল করেছিল পতিত ফ্যাসিস্ট সরকার। দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা ও সাংবিধানিক স্থিতিশীলতা নিশ্চিত করতে রাজনৈতিক ঐকমত্যের ভিত্তিতে প্রয়োজনীয় সংস্কার বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন পীর চরমোনাই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights