দায়িত্ব নিলেন সিলেটের নতুন ডিসি আব্দুল্লাহ আল মামুন
নিজস্ব প্রতিবেদক, সিলেট
রদবদল আর দীর্ঘ অনিশ্চয়তার পর অবশেষে স্থায়িত্ব পেল সিলেটের জেলা প্রশাসকের (ডিসি) চেয়ার।
সোমবার সকাল ১০টায় সিলেটের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন আব্দুল্লাহ আল মামুন।
বিষয়টি নিশ্চিত করেছেন সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাঈদা পারভীন।
তিনি জানান, সোমবার সকাল ১০টায় নতুন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন দায়িত্ব গ্রহণ করেন। ভারপ্রাপ্ত জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালনকারী অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) পিংকি সাহার কাছ থেকে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার বুঝে নেন। দায়িত্ব গ্রহণের পর তিনি জেলার কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন।
এর আগে গত ২১ জুন জেলা প্রশাসক মো. সারওয়ার আলমকে প্রত্যাহারের পর কুমিল্লার ডিসি মু. রেজা হাসানকে সিলেটের নতুন জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়। তিনি সিলেটে আসার সময় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের নির্দেশে তাকে ফিরে যেতে হয়। পরবর্তী সময়ে তাকে সিলেটের ডিসির পদ থেকে সরিয়ে দেওয়া হয়।
সবশেষ গত ৯ জুলাই তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উপসচিব আব্দুল্লাহ আল মামুনকে সিলেটের নতুন জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়। সোমবার তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করলেন।
এর আগে সাদাপাথর লুটপাটের আলোচিত সময়ে (২০২৫ সালের ২১ আগস্ট) সিলেটের জেলা প্রশাসক হিসেবে দায়িত্বগ্রহণ করেন সারওয়ার আলম। গত ২১ জুন তাকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে উপসচিব হিসেবে সংযুক্ত করা হয়। তাকে প্রত্যাহারের পর থেকে সিলেটের জেলা প্রশাসকের দায়িত্বে ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পিংকি সাহা।
