দিনাজপুর সদর হাসপাতালে রোগীদের সর্বোচ্চ সেবা দিতে হবে : সৈয়দ জাহাঙ্গীর আলম
দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভায় কমিটির সভাপতি ও প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম বলেছেন, হাসপাতালে চিকিৎসা নিতে আসা সাধারণ রোগীদের প্রতি আরও বেশি যত্নশীল হতে হবে। একজন রোগীর জীবন-মৃত্যু আপনাদের সেবার ওপর বহুলাংশে নির্ভর করে। কাজেই রোগীদের সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে সেবা দিতে হবে।
সোমবার বেলা ১১টায় দিনাজপুর সদর হাসপাতালের ডা. আব্দুল জব্বার মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়।
সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম সকল সমস্যার সমাধানসহ হাসপাতালে দ্রুত ডায়াথার্মি ও আলট্রাসনোগ্রাম মেশিন বরাদ্দের আশ্বাস দেন।
সভায় হাসপাতালের চলমান বিভিন্ন সংকট ও প্রতিবন্ধকতা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সভায় হাসপাতালের সেবার মানোন্নয়নে উপস্থিত কমিটির অন্যান্য সদস্য ও সংশ্লিষ্ট কর্মকর্তারা গুরুত্বপূর্ণ মতামত তুলে ধরেন এবং দ্রুত সমস্যাগুলো সমাধানের ওপর জোর দেন।
এ সময় উপস্থিত ছিলেন হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো সিরাজুল ইসলাম, সিভিল সার্জন ডা. মো. গোলাম রসুল রাখি, আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মো. নূর আলম, ড্যাব সভাপতি ডা. জিয়াউল হক, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আব্দুল হালিম, দিনাজপুর জেলা বিএনপির সদস্য ও চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক মোস্তফা কামাল মিলন, জেলা বিএনপির ক্রিয়া বিষয়ক সম্পাদক মো. মামুনুর রশিদ কচি, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মহিউদ্দিন মন্ডল বকুল, পৌর বিএনপির ৬ নম্বর ওয়ার্ডের সভাপতি মো. ইসমাইল খান জন্সসহ আরও অনেকে।
