দিনাজপুরে দৃষ্টি কেড়েছে ৩০ মণ ওজনের ‘প্রিন্স’, দাম ১০ লাখ

দিনাজপুর প্রতিনিধি

আসন্ন কোরবানির হাটে দিনাজপুরে সবার দৃষ্টি কেড়েছে ‘প্রিন্স’ নামের একটি বিশালদেহী গরু। প্রায় ৩০ মন (১২০০ কেজি) ওজনের এই হলিস্ট্রিয়ান ফ্রিজিয়ান জাতের গরুটির দাম রাখা হয়েছে ১০ লাখ টাকা।

কালো-সাদা রঙের প্রিন্স বড় হয়েছে দিনাজপুর সদর উপজেলার শেখপুরা ইউনিয়নের মাতাসাগর নিশ্চিন্তপুর বড়দীঘি এলাকার ‘কে এস এগ্রো অ্যান্ড ডেইরি ফার্ম’-এ। খামারটির উদ্যোক্তা মোছা. খুশি রহমান।

প্রিন্সের বয়স প্রায় তিন বছর। উচ্চতা সাড়ে নয় ফুট, দৈর্ঘ্য আট ফুট। প্রতিদিন তিনবার গোসল করানো হয়, ব্যবহার করা হয় সাবান-শ্যাম্পু ও মশানাশক স্প্রে। তার খাদ্যতালিকায় রয়েছে সবুজ ঘাস, ভেজানো ছোলা, খড়, গমের ভুসি, খৈল, মিষ্টি কুমড়া, লাউসহ পুষ্টিকর খাদ্য। প্রতিদিন খাওয়ার পেছনে গড়ে ৪০০ থেকে ৫০০ টাকা ব্যয় হয়।

খুশি রহমান জানান, ২০২০ সালে একটি গরু দিয়ে খামারের যাত্রা শুরু করেন। বর্তমানে খামারে ছোট-বড় মিলিয়ে ৩২টি গরু রয়েছে। গত বছর ২২টি গরু বিক্রি করেছেন। প্রিন্স ছাড়াও এবার বিক্রির জন্য আরও ৬টি দেশি গরু প্রস্তুত রাখা হয়েছে, যেগুলোর দাম ৬0-৭০ হাজার টাকা।

প্রিন্সের প্রতি তার বিশেষ ভালোবাসা থাকলেও প্রয়োজনে বিক্রির সিদ্ধান্ত নিয়েছেন তিনি। খুশি বলেন, “শুধু ব্যবসার জন্য নয়, সন্তানতুল্য প্রিন্সকে ভালোবেসে লালন করেছি। আশা করছি ভালো দাম পাব এবং ভালো একজন ক্রেতার হাতেই প্রিন্স যাবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights