দিনাজপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
মোঃ ইসমাইল হোসেন, দিনাজপুর প্রতিনিধি ॥ দিনাজপুরে নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে মোহাম্মদ রায়হান (৮) ও আফি (৭) নামে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৪ জুন-২০২৪) সন্ধ্যা ৬টার দিকে দিনাজপুর শহরের পশ্চিম পাশ দিয়ে প্রবাহিত পূর্নভবা নদীতে এই মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত মোহাম্মদ রায়হান দিনাজপুর শহরের রামনগর বাঙ্গিবেচা ঘাট এলাকার আব্দুস সালামের ছেলে ও আফি একই এলাকার আকবর আলির মেয়ে। তারা দুজন সম্পর্কে খালাতো ভাই-বোন। বাঙ্গিবেচা ঘাট এলাকার বাসিন্দা মো. মাহবুবুর রহমান জানান, মঙ্গলবার দুপুর দুইটার দিকে এই দুই শিশু কয়েকজন বন্ধুকে নিয়ে পূর্নভবা নদীতে গোসল করতে নামে।
গোসল শেষে অন্য বন্ধুরা তীরে উঠতে পারলেও রায়হান ও আফি নদীর পানিতে তলিয়ে যায়। সাথে থাকা শিশুদের চিৎকারে স্থানীয় লোকজন নদীতে নেমে অনেক খোঁজাখুঁজির পর সন্ধ্যা ৬টার দিকে দুই শিশুকে নদী থেকে উদ্ধার করে দিনাজপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। খবর পেয়ে দিনাজপুর কোতোয়ালি থানা পুলিশ ঘটনাস্থলে আসে। লাশ দুটি নিহতের স্বজনদের নিকট হস্তান্তর করা হয়েছে।
