দিনাজপুরে পুনর্বাসনের দাবিতে ভূমিহীন পরিবারের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুর শহরের বাঙ্গীবেচা ঘাট এলাকার মানবপল্লীর ভূমিহীন পরিবারের সদস্যরা তাদের দ্রুত বসতবাড়ির দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছেন। রবিবার মানবপল্লীর শত শত ভূমিহীন পরিবার তাদের দ্রুত বসতবাড়ির দাবিতে সদর ইউএনও অফিস সংলগ্ন সড়কে এই মানববন্ধন করেন তারা এবং উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেন। উপজেলা নির্বাহী অফিসারের পক্ষে স্মারকলিপি গ্রহণ করেন অফিস সহকারী মোছাঃ মোবালিকা।
ভূমিহীন সংগঠনের সভানেত্রী মোছাঃ রেহেনা বেগম, সাধারণ সম্পাদক সাদিকুল ইসলাম মানববন্ধনে বলেন, আমরা ১৪০ জন ভূমিহীন পরিবার ৮০ জন হিজড়া দীর্ঘ ১৫ বছর ধরে বাঙ্গীবেচা ঘাট সংলগ্ন মানবপল্লীতে বসবাস করে আসছিলাম। কিন্তু গত ৫ আগস্ট তৎকালীন ফ্যাসিস্ট সরকারের দলীয় নেতা ও পাশাপাশি কিছু দুস্কৃতিকারী আমাদের প্রায় ৫শ জনগণের উপর হামলা চালিয়ে বসতবাড়ী, গবাদি পশু, আসবাবপত্র লুটপাট করে নিয়ে যায়। আমরা ভূমিহীন সর্বহারা খেটে খাওয়া মানুষ। এ ব্যাপারে আমরা জেলা প্রশাসক ও ইউএনও সদর বরাবর আবেদন করেও কোন সুবিচার পাচ্ছি না। তাই মানববন্ধন ও স্মারকলিপিতে আমাদের দ্রুত পুনর্বাসন করতে জেলা প্রশাসক ও উপজেলা প্রশাসনের নিকট আকুল আবেদন জানাচ্ছি।
মানববন্ধনে বক্তব্য রাখেন ভূমিহীন সংগঠন সভানেত্রী মোছাঃ রেহেনা বেগম, সাধারণ সম্পাদক সাদিকুল ইসলাম, স্বেচ্ছাসেবী আজমিরা খাতুন মিস্টি, সিডিএ কর্মী তামান্না খাতুন, ভূমিহীন নেতা জহুরুল ইসলাম, শফিকুল ইসলাম প্রমুখ।
