দিনাজপুরে রমজানের পবিত্রতা ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে মিছিল ও সমাবেশ
মোঃ ইসমাইল হোসেন, দিনাজপুর প্রতিনিধি ॥ রমজানের পবিত্রতা রক্ষা এবং দ্রব্যমূল্যে সহনীয় রাখার দাবিতে দিনাজপুর শহরে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৫ দিনাজপুর রেলওয়ে স্টেশন চত্বর থেকে একটি মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাহাদুর বাজার চত্বরে এসে শেষ হয়। দিনাজপুর জামায়াতে ইসলামী শহর শাখার উদ্যোগে এ কর্মসূচি আয়োজন করা হয়।
মিছিল শেষে বাহাদুর বাজার চত্বরে সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন দিনাজপুর জামায়াতের শহর শাখার আমীর সিরাজুস সালেহীন। সমাবেশে বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাওলানা মুজিবুর রহমান, আইনজীবী সমিতির সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মাইনুল আলম, এবং জামায়াতের শহর সেক্রেটারি কামরুল হাসান রাসেল।
বক্তারা রমজানের পবিত্রতা রক্ষায় দিনের বেলা হোটেল-রেস্তোরাঁ বন্ধ রাখার আহবান জানান এবং অশ্লীলতা প্রতিরোধে সরকারকে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান। পাশাপাশি, বক্তারা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধে বাজার সিন্ডিকেট ভাঙার ওপর জোর দেন।
বক্তারা বলেন, খুনি ও ফ্যাসিস্ট আওয়ামী দোসররা এখনো বাজার সিন্ডিকেট নিয়ন্ত্রণ করছে, যার ফলে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি থামানো যাচ্ছে না। সিন্ডিকেট ভাঙা ছাড়া বাজার নিয়ন্ত্রণ সম্ভব নয়। জনগণকে স্বস্তি দিতে বর্তমান সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে।
সমাবেশে উপস্থিত নেতারা রমজানের পবিত্রতা রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান।
