দিপু দাসের স্ত্রীকে চাকরির আশ্বাস জেলা প্রশাসকের

ময়মনসিংহ প্রতিনিধি
ময়মনসিংহের ভালুকায় ধর্ম অবমাননার অভিযোগে গণপিটুনিতে নিহত দিপু চন্দ্র দাসের (২৮) পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক সাইফুর রহমান।

সোমবার দুপুরে তারাকান্দা উপজেলার মোকামিয়া কান্দা গ্রামে নিহতের বাড়ি পরিদর্শন করে দিপুর স্ত্রী মেগনা রানীকে চাকরি দেওয়ার আশ্বাস দেন তিনি।

এ সময় জেলা প্রশাসনের পক্ষ থেকে নিহতের পরিবারকে নগদ ২৫ হাজার টাকা, শীতবস্ত্র, শুকনো খাবার ও একটি সেলাই মেশিন প্রদান করা হয়। পাশাপাশি পরিবারের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বাড়িতে সার্বক্ষণিক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

জেলা প্রশাসক সাইফুর রহমান বলেন, নিহতের পরিবারের প্রতি সমবেদনা জানাতে তাদের বাড়িতে এসেছি। প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।

নিহতের বাবা রবি চন্দ্র দাস বলেন, দিপুই ছিল পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। ধর্ম নিয়ে অভিযোগ থাকলে আইনের মাধ্যমে বিচার হওয়ার কথা ছিল। আমরা গরীব বলেই আমার ছেলেকে রক্ষা করতে পারিনি। আমি আমার ছেলের হত্যার বিচার চাই।

উল্লেখ্য, গত ১৮ ডিসেম্বর রাতে ভালুকায় ধর্ম অবমাননার অভিযোগ তুলে দিপু চন্দ্র দাসকে গণপিটুনি দিয়ে হত্যা করা হয়। পরে মরদেহে আগুন দেওয়া হয়। এ ঘটনায় তার ছোট ভাই অপু দাস অজ্ঞাত ১৫০ জনকে আসামি করে মামলা করেন। পুলিশ এখন পর্যন্ত ১২ জনকে গ্রেফতার করেছে। তাদেরকে তিন দিনের রিমান্ড দিয়েছেন আদালত। নিহত দিপু চন্দ্র দাস ময়মনসিংহের তারাকান্দা উপজেলার মোকামিয়া কান্দা গ্রামের বাসিন্দা। তিনি প্রায় দুই বছর ধরে সংশ্লিষ্ট কারখানায় শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights