‘দিল্লীর প্রেসক্রিপশনে ফ্যাসিস্টের দোসররা দেশে নৈরাজ্য সৃষ্টি করছে’
নিজস্ব প্রতিবেদক, বগুড়া
জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সভাপতি বীর মুক্তিযোদ্ধা খন্দকার লুৎফর রহমান বলেছেন, ‘শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে দিল্লীতে আশ্রয় নিয়েছে। সেই দিল্লীর প্রেসক্রিপশনে এখন ফ্যাসিস্টের দোসররা দেশে নৈরাজ্য সৃষ্টি করে যাচ্ছে।’
আজ রবিবার (১ ডিসেম্বর) বিকেল ৪টায় বগুড়া শহরের সাতমাথা মুক্তমঞ্চে এডভোকেট সাইফুল ইসলাম আলিফ হত্যা ও সারাদেশে ‘আওয়ামী ফ্যাসিস্টদের পরিকল্পিত নৈরাজ্য সৃষ্টির’ প্রতিবাদে বগুড়ায় জাগপার আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
খন্দকার লুৎফর রহমান বলেন, ‘শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে আশ্রয় নিয়েছে দিল্লীতে। সেই দিল্লীর প্রেসক্রিপশনে এখন ফ্যাসিস্টের দোসররা দেশে নৈরাজ্য সৃষ্টি করে যাচ্ছে। দেশের মানুষ এক হয়ে ছাত্র জনতার সংগ্রামে শেখ হাসিনা সরকারের বিদায় ঘটিয়েছে। স্বৈরাচার শাসনের অবসান হয়েছে।’
তিনি আরও বলেন, আগামী নির্বাচন অনেক চ্যালেঞ্জিং। এজন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। যাতে কোন ফ্যাসিস্ট আর মাথাচাড়া দিয়ে দাঁড়াতে না পারে।
বগুড়া জাগপার সভাপতি মোখলেছুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাগপার কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য খন্দকার আবেদুর রহমান, রকিব উদ্দিন চৌধুরী মুন্না, সাংবাদিক মহসীন আলী রাজু, বিএফইউজে’র কেন্দ্রীয় সদস্য মির্জা সেলিম রেজা, জেএসডির কেন্দ্রীয় সদস্য রেজাউল বারী দিপন, বগুড়া জেলা বিএনপির সহ-সভাপতি মাফতুন আহমেদ খান রুবেল, শ্রমিক নেতা লিটন শেখ বাঘা, জেলা জাগপার সহ সভাপতি আবু রায়হান, বাবলু জোয়ারদার। জেলা জাগপার সাধারণ সম্পাদক আইয়ুব আলী তালুকদারের পরিচালনায় সমাবেশ জেলা ও উপজেলার নেতাকর্মীরা অংশ নেন।
