দুই দিন ধরে গভীর সমুদ্রে ভাসছিল ফিশিং বোট, চার জেলে উদ্ধার
কুতুবদিয়া প্রতিনিধি
কক্সবাজারের কুতুবদিয়ার পশ্চিমে গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল হয়ে দুই দিন ধরে ভাসতে থাকা একটি ফিশিং বোটসহ ৪ জেলেকে জীবিত উদ্ধার করেছে বাংলাদেশ কোস্টগার্ড।
শুক্রবার বিকালে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
তিনি জানান, ‘এফবি সৌরভ’ নামের একটি ফিশিং বোট চার জেলেকে নিয়ে কক্সবাজার থেকে সন্দ্বীপের উদ্দেশ্যে রওনা দেয়। গত ১৮ জুন দুপুরে কুতুবদিয়ার পশ্চিমে গভীর সমুদ্রে বোটটির ইঞ্জিন বিকল হয়ে যায়। পরে শুক্রবার সকালে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল করে সহায়তা চাইলে কোস্টগার্ড বিষয়টি জানতে পারে।
খবর পেয়ে সমুদ্রে টহলরত কোস্টগার্ডের একটি জাহাজ দ্রুত উদ্ধার অভিযান পরিচালনা করে বিকল বোটসহ ৪ জেলেকে জীবিত উদ্ধার করে। তাদের প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় সহায়তা দেওয়া হয়েছে।
কোস্টগার্ড জানিয়েছে, উদ্ধার হওয়া জেলে ও ফিশিং বোটটি মালিকপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। ভবিষ্যতেও এ ধরনের জরুরি উদ্ধার অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে বাহিনীটি।
