‘দুই পরিবারের একচ্ছত্র নিয়ন্ত্রণ দেশের গণতন্ত্রের জন্য হুমকি’
‘দুই পরিবারের একচ্ছত্র নিয়ন্ত্রণ দল এবং দেশের গণতন্ত্রের জন্য হুমকি। ক্ষমতা হারানোর ভয়ে বর্তমান সরকার নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে দিচ্ছে। দেশের মানুষ আওয়ামী দুঃশাসন থেকে মুক্তি চায় কিন্তু সেই দুঃশাসন থেকে মুক্তির সংগ্রামে যারা নেতৃত্ব দিচ্ছে জনগণ তাদের উপর আস্থা রাখতে পারছে না। ফলে আওয়ামী দুঃশাসন প্রলম্বিত হচ্ছে। সরকারের ব্যর্থতা, দুর্নীতি ও অপশাসনের কারণে রাষ্ট্রের প্রতিটি প্রতিষ্ঠান অকার্যকর হয়ে পড়েছে। এটা দেশকে আবারও পাকিস্তানি শোষণের কালো অধ্যায়ে নিয়ে যাবে। এর জন্য আওয়ামী লীগকে অনিবার্যভাবে বাংলাদেশে মুসলিম লীগের ভাগ্যবরণ করতে হবে।’
মঙ্গলবার বিকেলে রাজধানীর বিজয়নগরস্থ আমার বাংলাদেশ পার্টি-এবি পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে দলের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে চারদিনব্যাপী অনুষ্ঠানমালার উদ্বোধনকালে বক্তাগণ এসব কথা বলেন।
এবি পার্টির আহ্বায়ক এএফএম সোলায়মান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মিলিতভাবে কেক কেটে কর্মসূচির সূচনা করেন রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের আহ্বায়ক প্রফেসর আবুল কাশেম ফজলুল হক।
এ সময় শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন গণফোরাম একাংশের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোস্তফা মহসীন মন্টু, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, একুশে পদকপ্রাপ্ত শিক্ষাবিদ ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ড. সুকোমল বড়ুয়া, লেখক ও রাজনৈতিক বিশ্লেষক গৌতম দাস, গণ অধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নুর, জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইশতিয়াক অজিজ উলফাৎ, গণফোরাম সেক্রেটারি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ প্রফেসর ডা. মোজাহেরুল হক, সাবেক বিএনপি নেতা ও বিআরটিসির সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার, বিকল্পধারা বাংলাদেশের সেক্রেটারি অ্যাডভোকেট শাহ আহমদ বাদল, বিএনএম এর কেন্দ্রীয় নেতা ব্যারিস্টার সরওয়ার হোসেন, সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট মহসীন রশীদ, সাবেক মন্ত্রী জাতীয়পার্টি নেতা গোলাম সরোয়ার মিলন, পিপলস গ্রীনপার্টির চেয়ারম্যান রাজু আহম্মদ খান সহ বিশিষ্টজনরা।
বক্তাগণ এবি পার্টির তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা জানান এবং স্বল্প সময়ে দলের বিস্তৃতি ও অগ্রগতির জন্য এর নেতৃবৃন্দের প্রশংসা করেন।
তারা বলেন, অধিকার ভিত্তিক রাজনীতিই হলো আগামী দিনের ঐক্য ও অগ্রগতির সোপান। তারা চলমান রাজনৈতিক ধারার সমলোচনা করে বলেন, দুই পরিবারের একচ্ছত্র নিয়ন্ত্রণ দল এবং দেশের গণতন্ত্রের জন্য হুমকি। রাজনৈতিক দল গুলোতে দুই বা তিন মেয়াদের বেশি কাউকে দলীয় প্রধান হিসেবে বহাল রাখা অনুচিত।
