দেম্বেলের জোড়া গোল, বিশাল জয়ে আবার শীর্ষে পিএসজি

প্রথমার্ধে উসমান দেম্বেলের জোড়া গোলে ম্যাচের নিয়ন্ত্রণ নিল পিএসজি। বিরতির পর তারা জালের দেখা পেল আরও তিনবার। মার্সেইকে গোল বন্যায় ভাসিয়ে লিগ টেবিলে শীর্ষে ফিরল লুইস এনরিকের দল। রবিবার রাতে ঘরের মাঠে ৫-০ গোলে জিতেছে পিএসজি।

দ্বিতীয়ার্ধে ফাকুন্দো মেদিনার আত্মঘাতী গোলের পর, পিএসজির শেষ দুটি গোল করেন খাভিচা কাভারাৎস্খেলিয়া ও লি কাং-ইন; দুজনই এই অর্ধে বদলি নেমেছিলেন।

দ্বাদশ মিনিটেই দলকে এগিয়ে নেন ২০২৫ সালের ব্যালন দ’র জয়ী ও ফিফা বর্ষসেরা খেলোয়াড় দেম্বেলে। ৩৭তম মিনিটে দুর্দান্ত এক গোলে ব্যবধান দ্বিগুণ করেন এই ফরাসি তারকা।

ডান দিক দিয়ে প্রতিপক্ষের একজনকে কাটিয়ে বক্সে ঢুকে পড়েন দেম্বেলে, সেখানে আরেকজনকে কাটিয়ে জোরাল শটে কাছের পোস্ট দিয়ে বল জালে পাঠান সাবেক বার্সেলোনা ফরোয়ার্ড।

৬৪তম মিনিটে নিজেদের জালেই বল পাঠান মার্সেইয়ের আর্জেন্টাইন ডিফেন্ডার মেদিনা।

৬২তম মিনিটে দিজিরে দুয়ের বদলি নামার তিন মিনিট পরই জালের দেখা পান জর্জিয়ার ফরোয়ার্ড কাভারাৎস্খেলিয়া। ৬৮তম মিনিটে বার্কোলার বদলি নেমে, ৭৪তম মিনিটে দলের পঞ্চম গোলটি করেন লি কাং-ইন।

আগের দিন পিএসজিকে টপকে লিগ টেবিলের শীর্ষে উঠেছিল লঁস। টানা সপ্তম জয়ে হারানো জায়গা ফিরে পেল পিএসজি।

২১ ম্যাচে ১৬ জয় ও তিন ড্রয়ে শিরোপাধারীদের পয়েন্ট হলো ৫১। সমান ম্যাচে ২ পয়েন্ট কম নিয়ে দুইয়ে লঁস। ৪২ পয়েন্ট নিয়ে তিনে আছে লিওঁ, ৩৯ পয়েন্ট নিয়ে চারে মার্সেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights