দেয়ালচিত্রকে টানেলের প্রবেশপথ ভেবে গাড়ির ধাক্কা

অনলাইন ডেস্ক

স্কটল্যান্ডের গ্লাসগো শহরে টানেলের প্রবেশপথের মতো আঁকা একটি দেয়ালচিত্র দেখে বিভ্রান্ত হয়ে দেয়ালে গাড়ি তুলে দিয়েছেন এক চালক। অদ্ভুত এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। অনেকেই ঘটনাটিকে জনপ্রিয় কার্টুন লুনি টিউনস-এর দৃশ্যের সঙ্গে তুলনা করছেন।

গত রবিবার (৩ মে) গ্লাসগোর ক্লাইড টানেল সাউদার্ন অ্যাপ্রোচ স্লিপ রোড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর পুলিশ ও জরুরি সেবাকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত এক ব্যক্তিকে হাসপাতালে পাঠায়।

অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম নিউজ.কম.এইউ-এর প্রতিবেদনে বলা হয়, স্লিপ রোডের দেয়ালে স্প্রে পেইন্ট দিয়ে এমনভাবে ছবি আঁকা হয়েছিল, যা দূর থেকে দেখতে অনেকটা টানেলের প্রবেশপথের মতো মনে হচ্ছিল। দেয়ালচিত্রটিতে দুটি বড় চোখের মতো নকশাও ছিল, যা বিভ্রান্তি আরও বাড়িয়ে দেয়।

স্কটিশ ফায়ার অ্যান্ড রেসকিউ সার্ভিস জানিয়েছে, দুর্ঘটনার খবর পেয়ে তাদের দুটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। সংস্থাটির এক মুখপাত্র বলেন, রবিবার দুপুর ২টা ৩৭ মিনিটে একটি গাড়ি দেয়ালে ধাক্কা দেওয়ার খবর পাওয়া যায়।

ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে নানা হাস্যরসাত্মক প্রতিক্রিয়া দেখা যায়। কেউ লিখেছেন, ‘এটা যেন একেবারে কার্টুনের দৃশ্য।’ আবার কেউ মন্তব্য করেন, ‘আশা করি চালক সুস্থ আছেন, তবে ঘটনাটি অবিশ্বাস্য রকমের মজার।’

তবে কয়েকজন ব্যবহারকারী মনে করছেন, এটি মূলত চালকের অসাবধানতার ফল। তাদের মতে, দেয়ালের সামনে উঁচু কার্ব ও ট্রাফিক সিগন্যাল থাকায় এটিকে সাধারণ সড়ক দুর্ঘটনা বলেই মনে হচ্ছে।

সূত্র: নিউজ.কম.এইউ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights