দেশব্যাপী ফিলিস্তিনের পতাকা উত্তোলনের আহ্বান ছাত্রলীগের
ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
ফিলিস্তিনকে সমর্থন জানিয়ে দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানে আগামীকাল একযোগে বাংলাদেশের পতাকার পাশাপাশি ফিলিস্তিনের পতাকা উত্তোলনের আহ্বান জানিয়েছে বাংলাদেশ ছাত্রলীগ।
রবিবার (৫ মে) ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে বিশ্বব্যাপী চলমান ছাত্রআন্দোলনের প্রতি সংহতি জানিয়ে বাংলাদেশ ছাত্রলীগের কর্মসূচির অংশ হিসেবে এক সংবাদ সম্মেলনে সংগঠনটির নেতৃবৃন্দ এ আহ্বান জানান।
বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি সাদ্দাম হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনটির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মাজহারুল কবীর শয়ন, সাধারণ সম্পাদক তানভির হাসান সৈকত এবং ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখার সভাপতি ও সাধারণ সম্পাদক।
এসময় বিশ্বব্যাপী চলমান ছাত্রআন্দোলনের প্রতি সংহতি জানিয়ে এবং হত্যাযজ্ঞ বন্ধ করে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে বাংলাদেশ ছাত্রলীগ কর্মসূচি ঘোষণা করে। এর মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে- ফিলিস্তিনের পতাকা উত্তোলন, ৬ মে সকাল ১১ টায় পদযাত্রা ও ছাত্র সমাবেশ। এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয় মধুর ক্যান্টিন হতে সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্য অব্দি পদযাত্রা হবে এবং সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠানে ফিলিস্তিনের পতাকা উত্তোলন, পদযাত্রা ও ছাত্র সমাবেশ করা হবে।
বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন বলেন, স্বাধীন রাষ্ট্র ফিলিস্তিনের স্বীকৃতি এবং নিরীহ ফিলিস্তিনিদের উপর পরিচালিত মানবতাবিরোধী অপরাধের বিরুদ্ধে বিশ্বব্যাপী শিক্ষার্থী সমাজ, শিক্ষক ও সচেতন নাগরিকরা যে আন্দোলনের সূচনা করেছে তার প্রতি সংহতি প্রকাশ করছে বাংলার স্বাধীনতা সংগ্রামে নেতৃত্বদানকারী শহিদের রক্তস্নাত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ। আমরা বিশ্বাস করি আগামীকালের সংহতি সমাবেশ বাংলাদেশের পাঁচকোটি ছাত্রজনতার সংহতি সমাবেশ। আগামীকালের যে কর্মসূচি, পৃথিবীর যত স্বাধীনতাকামী রাষ্ট্র আছে তাদের পক্ষে কর্মসূচি। আগামীকালের সমাবেশ পৃথিবীর যত মানবতা বিরোধী কার্যক্রম তাদের বিরুদ্ধে প্রতিবাদী কার্যক্রম।
তিনি আরও বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা আন্দোলন করায় তাদের বহিস্কার করা হচ্ছে, মারধর করে গ্রেফতার করা হচ্ছে। কিছু কিছু শিক্ষার্থীদের শুধু মাত্র রাজনৈতিক অবস্থান প্রকাশ করায় এসব হেনস্থা করা হচ্ছে। আমরা তাদের এসব সাস্পেনশন ও হেনস্থার প্রতিবাদ জানাই।
