‘দেশে প্রায় এক কোটি পশু কোরবানি হবে, কোথাও অনিরাপত্তার অভিযোগ নেই’

কুমিল্লা প্রতিনিধি
এবারের ঈদের পশুর হাট অন্যান্য বছরের তুলনায় নিরাপদ রয়েছে বলে দাবি করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিনুর রশিদ ইয়াছিন।

তিনি বলেন, প্রান্তিক খামারি থেকে শুরু করে ক্রেতা পর্যন্ত সবাই যেন নিরাপদে কোরবানির পশু ক্রয়-বিক্রয় করতে পারেন, সেজন্য সরকার সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে। এখন পর্যন্ত কোথাও কোনো অনিরাপত্তা বা অনিয়মের অভিযোগ পাওয়া যায়নি। এবারের বাজারে অবৈধভাবে আসা পশুও চোখে পড়েনি।

আজ মঙ্গলবার (২৬ মে) সকালে কুমিল্লা নগরীর নেউরা কোরবানির পশুর হাট পরিদর্শনে এসে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা শামসুল ইসলাম, কুমিল্লা সদর উপজেলা বিএনপির সভাপতি রেজাউল কাইয়ুম, সাধারণ সম্পাদক শফিউল আলম রায়হানসহ জেলা প্রাণিসম্পদ কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও প্রশাসনের কর্মকর্তারা।

মন্ত্রী আরও বলেন, বাজারগুলোতে ভেটেরিনারি টিম, জাল টাকা প্রতিরোধ ও চাঁদাবাজি ঠেকাতে প্রশাসন এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের দায়িত্ব পালন নিশ্চিত করা হয়েছে। ঈদের বাজার এখনো পুরোপুরি জমে ওঠেনি, তবে এবার সারাদেশে প্রায় এক কোটি পশু কোরবানি হওয়ার সম্ভাবনা রয়েছে।

তিনি বলেন, কোরবানিকে ঘিরে যে অর্থনৈতিক কার্যক্রম পরিচালিত হয়, তা দেশের সার্বিক অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলে এবং লাখো মানুষের জীবিকায় ভূমিকা রাখে।

পরিদর্শনের সময় মন্ত্রী হাটে থাকা ভেটেরিনারি টিমের বুথ থেকে মাইকিং করে ক্রেতা-বিক্রেতাদের উদ্দেশ্যে বলেন, কোনো ধরনের সমস্যা হলে যেন তারা তাৎক্ষণিকভাবে বুথে যোগাযোগ করেন। তিনি বিভিন্ন স্টল ঘুরে পশু ক্রেতা ও বিক্রেতাদের সঙ্গে কথা বলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights