দেশের গলফে আসছে দারুন সময়: সিদ্দিকুর রহমান

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশের সেরা গলফার সিদ্দিকুর রহমান বলেন, ‘দেশের গলফের জন্য উজ্জ্বল সময় আসছে। গলফে ব্যাসিক টেকনিক্যাল বিষয়গুলো জানা খুবই জরুরি। শেষ চারদিনে স্লোভেনিয়ার কোচের কাছ থেকে অনেক নতুন কিছু শিখলাম। যদি আমাদের গলফার এবং স্থানীয় কোচরা নিয়মিত এমন সুযোগ পায়, তবে দেশের গলফের ভবিষ্যৎ দারুণ হবে।’

বাংলাদেশ গলফ ফেডারেশনের আয়োজনে চারদিনব্যাপী স্থানীয় কোচদের প্রশিক্ষণ প্রোগ্রাম ‘টেকনিক্যাল কোর্স ফর কোচেস ইন গলফ’ আজ আর্মি গলফ ক্লাবের বাংলাদেশ গলফ একাডেমীতে শেষ হয়েছে। অনুষ্ঠানে সহযোগিতা করেছে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন।

বিশ্বখ্যাত গলফ কোচ স্লোভেনিয়ার ইউরোস গ্রেগরিচ কোচিং দিয়েছেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. জোবায়দুর রহমান। এছাড়া উপস্থিত ছিলেন বিজিএফের ভাইস প্রেসিডেন্ট মেজর জেনারেল (অব.) মাসুদ রাজ্জাক, জেনারেল সেক্রেটারি ব্রিগেডিয়ার জেনারেল (অব.) সাঈদ সিদ্দিকী, জয়েন্ট সেক্রেটারী ব্রিগেডিয়ার জেনারেল সাজ্জাদ হোসাইন এবং অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তারা।

প্রশিক্ষণে অংশ নিয়েছেন সিদ্দিকুরের সঙ্গে তার স্ত্রী, তারকা নারী গলফার সামাউন আনজুম অরণী। অরণী বলেন, ‘আমি এখানে অনেক নতুন কিছু শিখেছি। চাই প্রতিনিয়ত এমন ট্রেনিংয়ের ব্যবস্থা হোক।’

বিজিএফের ভাইস প্রেসিডেন্ট মেজর জেনারেল (অব.) মাসুদ রাজ্জাক বলেন, ‘গলফারদের মেধাকে কাজে লাগাতে হলে প্রথমেই কোচদের উন্নত প্রশিক্ষণ জরুরি। নতুন গলফার তৈরি করার ক্ষেত্রে কোনো ঘাটতি না থাকাতে এই কোর্সের আয়োজন করা হয়েছে।’

স্লোভেনিয়ার কোচ ইউরোস গ্রেগরিচ বলেন, ‘বাংলাদেশে গলফের অনেক সম্ভাবনা রয়েছে। এখানে কোচদের মধ্যে দারুণ প্রতিভা আছে। এমন আয়োজনের অংশ হতে পেরে আমি খুবই খুশি।’

বাংলাদেশ জাতীয় গলফ দলের কোচ নাদিম হোসেন বলেন, ‘আগে যারা বিদেশে প্রশিক্ষণ নিয়েছিলেন, এখন দেশের মাটিতেই উন্নত মানের প্রশিক্ষণ পাচ্ছেন। এটি নতুন গলফারদের শেখাতে অনেক সাহায্য করবে।’

চারদিনব্যাপী প্রোগ্রামের সমাপনী অনুষ্ঠানে স্থানীয় কোচদের হাতে সার্টিফিকেট এবং ইউরোস গ্রেগরিচকে সম্মাননা প্রদান করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights