দেশের তিন জেলায় বন্যার শঙ্কা

অনলাইন ডেস্ক
আগামী তিন দিন দেশের অভ্যন্তরে উত্তরাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল ও তৎসংলগ্ন উজানে মাঝারি থেকে মাঝারি-ভারি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে বলে আবহাওয়া সংস্থাসমূহের তথ্য অনুযায়ী জানিয়েছে পাউবো। এছাড়া গড়াই নদীর পানি বেড়ে সতর্কসীমায় পৌঁছার আভাস রয়েছে। ফলে তিন জেলায় বন্যার আশঙ্কা দেখা দিয়েছে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) এমন তথ্য জানিয়েছে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।

এদিকে, গত ২৪ ঘণ্টায় ব্রহ্মপুত্র নদের পানির সমতল বেড়েছে। অপরদিকে যমুনা নদীর পানির সমতল স্থিতিশীল রয়েছে, যা আগামী পাঁচ দিন স্থিতিশীল থাকতে পারে। গঙ্গা নদীর পানির সমতল বেড়েছে ও পদ্মা নদীর পানির সমতল স্থিতিশীল রয়েছে। এ ছাড়া গঙ্গা নদীর পানির সমতল আগামী দুদিন বাড়তে পারে ও পরবর্তী তিন দিন স্থিতিশীল থাকতে পারে।

অপরদিকে পদ্মা নদীর পানির সমতল আগামী পাঁচ দিন বাড়তে পারে এবং আগামী ৭২ ঘণ্টায় গঙ্গা নদী চাঁপাইনবাবগঞ্জ জেলার কিছু স্থানে সতর্কসীমায় প্রবাহিত হতে পারে। অন্যদিকে গত ২৪ ঘণ্টায় গড়াই ও মাথাভাঙা নদীসমূহের পানির সমতল বেড়েছে, যা আগামী তিন দিন বাড়তে পারে। এ সময়ে গড়াই নদী ফরিদপুর, রাজবাড়ী ও মাগুরা জেলার কিছু স্থানে সতর্কসীমায় প্রবাহিত হতে পারে।

এ ছাড়া উত্তরাঞ্চলীয় তিস্তা, ধরলা ও দুধকুমার নদীসমূহের পানির সমতল বেড়েছে। ধরলা ও দুধকুমার নদীসমূহের পানির সমতল আগামী তিন দিন স্থিতিশীল থাকতে পারে। অপরদিকে তিস্তা নদীর পানির সমতল আগামী তিন দিন হ্রাস পেতে পারে। উত্তর-পূর্বাঞ্চলের সুরমা-কুশিয়ারা নদীসমূহের পানির সমতল হ্রাস পেয়েছে। সুরমা নদীর পানির সমতল আগামী তিন দিন হ্রাস পেতে পারে। অপরদিকে কুশিয়ারা নদীর পানির সমতল স্থিতিশীল থাকতে পারে আগামী তিন দিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights