দোকান-গুদামে বিপুল অস্ত্র : গ্রেফতার ৯ কর্মচারী রিমান্ডে

অনলাইন ডেস্ক
রাজধানীর নিউমার্কেট এলাকার কয়েকটি দোকান ও গুদামে যৌথ বাহিনীর অভিযানে ১ হাজার ১০০টি ধারালো অস্ত্র উদ্ধারের ঘটনার মামলায় গ্রেফতার ৯ দোকান কর্মচারীর তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রবিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবদুল ওয়াহাব রিমান্ডের এ আদেশ দেন।

রিমান্ডে নেওয়া আসামিরা হলেন-শুকুর আলী, রোকন মিয়া, হৃদয় মিয়া, রাকিব, স্বপন, নুর হোসেন লিমন, সাজ্জাদ আহমেদ, আলী আকবর ও সাজিদ হাসান।

এদিন তাদের আদালতে হাজির করে সাতদিন করে রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা নিউমার্কেট থানার উপ-পরিদর্শক পাভেল আহমেদ। রাষ্ট্রপক্ষে সিএমএম আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মুহাম্মদ শামসুদ্দোহা সুমন রিমান্ড আবেদনের পক্ষে শুনানি করেন।

আসামিদের পক্ষে আইনজীবী আবুল কালাম আজাদ রিমান্ড বাতিলসহ জামিন আবেদন করেন। শুনানিতে তিনি বলেন, নিউমার্কেট এলাকায় যে কয়টি দোকান আছে, আমার এলাকায় বটতলায় এর চেয়ে বেশি বিক্রি হয়। বিক্রি বন্ধ করে দেন। যুগ যুগ ধরে ওই এলাকায় এসব বিক্রি হয়ে আসছে। থানা থেকে অস্ত্র লুট হলো, তা উদ্ধার না করে এসব উদ্ধার করছে। তাই রিমান্ড বাতিল পূর্বক তাদের জামিনের প্রার্থনা করছি।

উভয়পক্ষের শুনানি শেষে আদালত প্রত্যেকের তিনদিনের রিমান্ডের আদেশ দেন।

এর আগে, শনিবার নিউমার্কেট এলাকার কয়েকটি দোকান ও গুদামে অভিযান চালিয়ে প্রায় ১ হাজার ১০০টি ধারালো অস্ত্র উদ্ধার করে যৌথ বাহিনী। এসব অস্ত্র বিক্রি ও সরবরাহের সঙ্গে জড়িত এই ৯ জনকে গ্রেফতার করা হয়। পরে তাদের বিরুদ্ধে নিউমার্কেট থানায় অস্ত্র আইনে মামলা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights