দোকানে মাংস বিক্রি করতে হলে ‘পরীক্ষিত’ সিল থাকতে হবে : ডিএসসিসি প্রশাসক

অনলাইন ডেস্ক
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম বলেছেন, নির্ধারিত দোকানে মাংস বিক্রি করতে হবে এবং সেখানে সিটি কর্পোরেশনের স্বাস্থ্য কর্মকর্তার পরীক্ষার সিল থাকতে হবে। ওই সিল দেখেই সাধারণ মানুষ বুঝতে পারবেন, মাংসটি পরীক্ষিত।

সোমবার রাজধানীর হাজারীবাগে আধুনিক পশু জবাইখানার উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন। আবদুস সালাম বলেন, মাংস পরীক্ষিত কি না, তা নিশ্চিত করতে প্রতিটি মাংসের গায়ে ঢাকা সিটি কর্পোরেশনের সিল থাকতে হবে। সিল ছাড়া মাংস বিক্রি হলে তা জব্দ এবং অবৈধভাবে জবাই করা মাংস বিক্রি করা দোকানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

ডিএসসিসি প্রশাসক বলেন, নির্ধারিত জবাইখানার বাইরে বিভিন্ন বাজারে পশু জবাই করা যাবে না। কেউ অননুমোদিত স্থানে পশু জবাই করলে তাকে জরিমানা করা হবে। আর অবৈধভাবে জবাই করা মাংস কোনো দোকানে বিক্রি হলে সেই দোকান বন্ধ করে দেওয়া হবে।

তিনি বলেন, অন্য জায়গা থেকে মাংস আনা হলে পশুটি ঠিকমতো জবাই করা হয়েছে কি না, পশুটি সুস্থ ছিল কি না বা কোনো রোগ ছিল কি না, এসব জানার সুযোগ থাকে না। এমনকি গরুর নামে মহিষ বিক্রি করা হচ্ছে কি না, সেটিও নিশ্চিত করা সম্ভব হয় না। এসব বিষয় নিশ্চিত করতে নির্ধারিত জবাইখানায় পশু জবাই করতে হবে।

জবাইখানায় স্বাস্থ্য কর্মকর্তাদের উপস্থিতি নিশ্চিত করার কথা জানিয়ে ডিএসসিসি প্রশাসক বলেন, পশু জবাইয়ের সময় স্বাস্থ্য কর্মকর্তা ও কর্মচারীদের উপস্থিত থাকতে হবে। কেউ দায়িত্বে অনুপস্থিত থাকলে তার বিরুদ্ধে শৃঙ্খলামূলক ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights