ধরা পড়ায় কানের দুল গিলে ফেলল ছিনতাইকারী

অনলাইন ডেস্ক
পুলিশ হৃদয়কে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়। পরে এক্স-রেতে তার পেটে সেই দুল ধরা পড়ে

রাজধানীর গুলিস্তানে এক নারীর কানের দুল ছিনিয়ে নেওয়ার সময় ধরা পড়ে তা গিলে ফেলেছেন হৃদয় (২৪) নামে এক যুবক।

আজ শনিবার দুপুরের দিকে ফুলবাড়িয়া সুন্দরবন স্কয়ার মার্কেটের সামনে এ ঘটনা ঘটে।

তখন জনতা তাকে গণধোলাই দিয়ে পুলিশে খবর দেয়। পুলিশ তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যায়। পরে এক্স-রেতে তার পেটে সেই দুল ধরা পড়ে।
ভুক্তভোগী নারীর নাম সোনিয়া আক্তার (৩০)। তিনি বলেন, ছেলেকে নিয়ে গুলিস্তানের স্কয়ার মার্কেটের সামনে দিয়ে যাচ্ছিলাম। এসময় ওই ছিনতাইকারী আমার ডান কান থেকে দুলটি টান দিয়ে নিয়ে পালিয়ে যাচ্ছিল। তখন আমি চিৎকার দিলে আশপাশের লোকজন তাকে ধরে ফেলে। পরে ওই ছিনতাইকারী দুলটি গিলে ফেললে জনতা তাকে গণধোলাই দিয়ে পুলিশে খবর দেয়। পুলিশ তাকে উদ্ধার করে ঢামেক মেডিকেলে নিয়ে যায়।

বংশাল থানার উপ-পরিদর্শক (এসআই) সুবির কুমার বলেন, হৃদয় কানের দুল ছিনিয়ে নিয়ে পালিয়ে যাওয়ার সময় ধরা খেয়ে গিলে ফেলে। পরে আমরা তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসি। চিকিৎসক জানিয়েছেন, এক্স-রেতে তার পেটে দুল দেখা যাচ্ছে। এখন চিকিৎসকের পরামর্শে দুলটি বের করার প্রক্রিয়া চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights