ধর্ম নিরপেক্ষতা বাতিলে কোনো প্রস্তাবনা দেয়নি বিএনপি : সালাহউদ্দিন

অনলাইন ডেস্ক
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, রাষ্ট্রে যাতে ভারসাম্য থাকে সে বিষয়ে সংবিধান সংস্কারে প্রস্তাবনা দিয়েছে বিএনপি। পঞ্চদশ সংশোধনীর পূর্বাবস্থা বহাল চাই আমরা। কিন্তু ধর্ম নিরপেক্ষতা বাতিলের বিষয়ে কোনো প্রস্তাবনা দেইনি। এটা নিয়ে ভুল ব্যাখ্যা দেওয়া হয়েছে।

বুধবার দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসন কার্যালয়ে দেশের চলমান পরিস্থিতি নিয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

বিএনপি নির্বাচনের নির্দিষ্ট সময় চেয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে আলোচনা করবে কিনা? সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে সালাহউদ্দিন আহমেদ বলেন, অবশ্যই এটা একটা বিষয় থাকবে। সরকারের কাছে সুনির্দিষ্টভাবে ডিসেম্বরের আগে নির্বাচনের জন্য একটা রোডম্যাপ আমরা চাইব। উনি যেন পরিষ্কারভাবে জাতির সামনে যথাযথ প্রক্রিয়ায় উপস্থাপন করেন। জাতির মধ্যে যে অনিশ্চিত অস্থিরতার ভাব আছে সেখানে যেন স্থিতিশীলতা আসে, অর্থনৈতিক গতিশীলতা আসে। সেদিকে লক্ষ্য রেখে আমরা বলব, এটা যথেষ্ট সময়।

তিনি বলেন, তার আগে আমরা নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনা করেছি, তারা জুনের মধ্যে সমস্ত প্রক্রিয়া সমাপ্ত করতে পারবে। প্রধান উপদেষ্টাও ইতঃপূর্বে আমাদের আশ্বস্ত করেছেন যে, ডিসেম্বরের মধ্যেই নির্বাচন দেওয়ার জন্য উনারা সমস্ত কার্যক্রম পরিকল্পনা করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights