ধর্ষণ চেষ্টায় ব্যর্থ হয়ে কিশোরীকে ছুরিকাঘাত

মোরেলগঞ্জ প্রতিনিধি:

বাগেরহাটের মোরেলগঞ্জে ১৩ বছরের এক কিশোরীকে ধর্ষণের চেষ্টায় ব্যর্থ হয়ে ছুরিকাঘাত করা হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে জিউধরা ইউনিয়নের মৌলভী বাজার এলাকায় ঘরে ঢুকে ধর্ষণের চেষ্টায় ব্যর্থ হয়ে ওই কিশোরীর ওপর হামলা করে স্থানীয় রহমান মৃধার ছেলে বাচ্চু মৃধা (৪৫)। রক্তাক্ত জখমী মেয়েটিকে আজ শুক্রবার ভোর সাড়ে ৬টার দিকে মোরেলগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সে সেরজন স্মৃতি মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী।

ঘটনা সম্পর্কে হাসপাতালের কর্তব্যরত মেডিকেল অফিসার ডা. শাহরিয়ার ফাত্তাহ বলেন, আজ ভোরে ভর্তি হওয়া কিশোরী মেয়েটির ডান হাটুর নিচে ও ডান হাতের ৩টি আঙ্গুলে গুরুতর কাটাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন দেখা গেছে। মেয়েটিকে ধর্ষণের চেষ্টায় ধস্তাধস্তির ঘটনা ঘটেছে বলে মনে হচ্ছে। তার ডান হাটুর নিচে, হাতের আঙ্গুলগুলোয় বেশ কয়েকটি সেলাই লেগেছে। প্রচুর রক্ত ক্ষরণ হয়েছে। তাকে বিশেষ পর্যবেক্ষণে রাখা হয়েছে। প্রয়োজন হলে খুলনায় স্থানান্তর করা হবে।

এ বিষয়ে ওই কিশোরীর পিতা জিউধরা গ্রামের কৃষক মো. মালেক শেখ বলেন, রাতে তার মেয়ে ঘরে একা ছিল। রাত ২টার দিকে প্রতিবেশী ঘের ব্যবসায়ী বাচ্চু মৃধা কৌশলে ঘরে ঢুকে মেয়েকে ধর্ষণের চেষ্টা করে। মেয়েটি ডাক চিৎকার ও বাধা দিলে তাকে ছুরিকাঘাত করে বাচ্চু পালিয়ে যায়। বাচ্চু মৃধা জিউধরা ইউনিয়নের ৫ নং ওয়ার্ড শ্রমিক লীগের সাবেক সভাপতি বলে জানা গেছে। ঘটনার পর থেকে সে পলাতক রয়েছে।
এ বিষয়ে থানার ওসি মো. সাইদুর রহমান বলেন, খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। হাসপাতালেও পুলিশ পাঠিয়ে তার খোজ-খবর নেওয়া হচ্ছে। এখনো লিখিত অভিযোগ কেউ দেয়নি। তবে পুলিশের একাধিক দল এ বিষয়ে কাজ শুরু করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights