ধ্বংস হয়ে যাবে বিএনপি

নিজস্ব প্রতিবেদক, সিলেট

ধ্বংস হয়ে যাবে বিএনপি, এমন মন্তব্য করেছেন সিলেট-১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন। ৭ জানুয়ারি সিলেটে উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ হবে। তিনি আরও বলেন, ‘অতীতের মতো এবারও সিলেটের মানুষ ভোট কেন্দ্রে যাবে। এ অঞ্চলের মানুষ ভোট দেয়। যেখানেই প্রচারে যাচ্ছি সেখানেই সাড়া পাচ্ছি ভোটারদের। তিনি আরও বলেন, ‘নির্বাচনে অনেক প্রতিযোগিতা হবে। সবাই কাজ করছেন। নির্বাচনে না এসে বিএনপি ভুল করেছে। তারা একটা বড় দল ছিল। এখন বিএনপি ধীরে ধীরে ধ্বংস হয়ে যাবে। বিএনপিতে নেতৃত্বের অভাব বিদ্যমান। তারা এখন আর রাজনৈতিক দল নয়। তারা এখন সন্ত্রাসী। সন্ত্রাসীরা কখনো জয়লাভ করেনি।’

গতকাল সকাল ১১টায় নগরীর নয়াসড়ক এলাকায় নির্বাচনি প্রচারণার সময় মন্ত্রী এসব কথা বলেন। পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বিএনপি জ্বালাও-পোড়াও আর গুপ্ত হত্যায় ব্যস্ত। বাংলাদেশে এদের কোনো স্থান নেই। আওয়ামী লীগ উন্নয়নের দল। যেসব উন্নয়ন হয়েছ তা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারণেই হয়েছে। এ সরকারের আমলে সিলেটে ব্যাপক উন্নয়ন হয়েছে, আরও হবে। শিক্ষা, চিকিৎসাসহ যেসব খাতে উন্নয়ন করা দরকার সরকার তা করেছে আর করে যাবে।’ তিনি আরও বলেন, ‘আগামীতে আমাদের পরিকল্পনায় রয়েছে কর্মসংস্থানের ব্যবস্থা করা। সেটা আমরা করব।

যারা বিদেশে যাবেন তাদের জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। আগামীতে আমরা প্রশিক্ষিত লোক বিদেশে পাঠাব।’ পরে মন্ত্রী নয়াসড়কের প্রেসবিটারিয়ান চার্চে বড়দিন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অংশ নেন। তিনি খ্রিস্টান ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছাবিনিময় করে বড়দিনের কেক কাটায় অংশ নেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights