নওগাঁ সীমান্ত দিয়ে ভারতে পালানোর সময় চট্টগ্রামের ছাত্রলীগ নেতা আটক

নওগাঁ প্রতিনিধি

ভারতে পালানোর সময় আব্দুল্লাহ আল আহসান (২৪) নামে চট্টগ্রামের এক ছাত্রলীগ নেতাকে নওগাঁর মহাদেবপুর থেকে আটক করা হয়েছে। আব্দুল্লাহ আল আহসান চান্দগাঁও উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি।

বৃহস্পতিবার ভোর ৫টার দিকে বিজিবির সহায়তায় উপজেলার দেওপাড়া গ্রাম থেকে তাকে আটকের পর পুলিশে সোপর্দ করা হয়।

আব্দুল্লাহ আল আহসান চট্টগ্রামের চান্দগাঁও থানার বহদ্দারহাট গ্রামের নুরুল ইসলামের ছেলে।
জানা যায়, আওয়ামী লীগ সরকারের পতনের পর তার নামে চট্টগ্রামের চান্দগাঁও থানায় তিনটি মামলা হয়েছে। মামলার ভয়ে তিনি নওগাঁর ধামইরহাট থানার সীমান্ত দিয়ে পালানোর জন্য মহাদেবপুর উপজেলার এক এজেন্টের সঙ্গে চুক্তি করেন। এ তথ্যটি বিজিবি পাওয়ার পর প্রথমে সেই এজেন্টকে জিম্মায় নেয়। এরপর তার দেওয়া তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার ভোর ৫টার দিকে উপজেলার হাতুর ইউপির দেওপাড়া গ্রাম থেকে তাকে আটক করা হয়।

মহাদেবপুর থানার ওসি হাশমত আলী বলেন, আটককৃত ব্যক্তি নওগাঁর সীমান্ত দিয়ে ভারতে পালানোর চেষ্টা করেছিল। খবর পেয়ে উপজেলার দেওপাড়া গ্রাম থেকে বিজিবির সহযোগিতায় তাকে আটক করা হয়। এরপর দুপুরে আদালতে মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights