নওগাঁয় দেশের সর্বনিন্ম তাপমাত্রা ৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস
নওগাঁ প্রতিনিধি
ডিসেম্বরের শুরু থেকেই আসি আসি করছে শীত। সেই অর্থে জেঁকে না বসলেও ধীরে ধীরে নিম্নমুখী হচ্ছে তাপমাত্রা। বিশেষ করে উত্তরবঙ্গসহ দেশের বিভিন্ন স্থানে রাত থেকে ভোর পর্যন্ত স্থায়ী হচ্ছে কুয়াশা। এর মধ্যে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে নওগাঁর বদলগাছীতে।
শনিবার (৭ ডিসেম্বর) সকাল ৯টায় জেলার বদলগাছী উপজেলায় সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।
নওগাঁর বদলগাছী কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগারের কর্মকর্তা মিজানুর রহমান জানান, শনিবার সকাল ৯টায় জেলায় ৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এর আগে, শুক্রবার (৬ ডিসেম্বর) তাপমাত্রা রেকর্ড করা হয় ১২ ডিগ্রি সেলসিয়াস। সেই হিসেবে ২৪ ঘণ্টার ব্যবধানে এ জেলার তাপমাত্রা কমেছে ২ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। উত্তর দিক থেকে বয়ে আসা হিমেল হাওয়া শীতের তাপমাত্রা আগামীতে বৃদ্ধি পেতে পারে বলেও জানান তিনি।
