নকআউট থেকে বিদায়, তবুও ‘সিদ্ধান্ত’ নিয়ে আক্ষেপ নেই কুমানের

অনলাইন ডেস্ক
চলমান ফুটবল বিশ্বকাপের শেষ বত্রিশ থেকে টাইব্রেকারে বিদায় নিলেও নিজের রক্ষণাত্মক কৌশল নিয়ে অনুতপ্ত নন নেদারল্যান্ডসের কোচ রোনাল্ড কুমান। বরং তার দাবি- মরক্কোর মতো শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে ওই পরিকল্পনাই ছিল দলের জন্য সবচেয়ে কার্যকর আর একই পরিস্থিতি এলে তিনি আবারও একই সিদ্ধান্ত নেবেন।

মরক্কোর বিপক্ষে নির্ধারিত ও অতিরিক্ত সময় ১-১ গোলে সমতায় শেষ হওয়ার পর টাইব্রেকারে ৩-২ ব্যবধানে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে যায় নেদারল্যান্ডস। ম্যাচটিতে ডাচদের ঐতিহ্যবাহী আক্রমণাত্মক ফুটবল থেকে সরে এসে পাঁচ ডিফেন্ডার নিয়ে রক্ষণভিত্তিক পরিকল্পনা সাজান কুমান। এই সিদ্ধান্তের জন্য ম্যাচ শেষে ব্যাপক সমালোচনার মুখে পড়েন তিনি। তবে সংবাদ সম্মেলনে নিজের অবস্থান পরিষ্কার করে কুমান বলেন, এই কৌশলের কারণে তার দল আগের ম্যাচগুলোর তুলনায় কম ভুল করেছে।

তার ভাষায়, এই কৌশলে আমরা আগের ম্যাচের তুলনায় কম বল হারিয়েছি। সেটি ইতিবাচক দিক ছিল। যদিও আমরা আক্রমণে কিছুটা কম কার্যকর ছিলাম। সমালোচকদের উদ্দেশে কুমান বলেন, কৌশল নিয়ে ভিন্নমত থাকতেই পারে, তবে সুইডেন ও তিউনিসিয়ার বিপক্ষে ম্যাচের তুলনায় মরক্কোর মতো শক্তিশালী দলের বিপক্ষে বলের নিয়ন্ত্রণ ধরে রাখার ক্ষেত্রে তার পরিকল্পনা সফল ছিল।

তিনি বলেন, যদি আবার একই পরিস্থিতি আসে, আমি কোনো দ্বিধা ছাড়াই একই কৌশল গ্রহণ করব। নিজের ভবিষ্যৎ নিয়েও এখনই কোনো মন্তব্য করতে চাননি ডাচ কোচ। তার মতে, ম্যাচের শেষ মুহূর্তে মরক্কো সমতা ফিরিয়ে আনতে না পারলে তার পরিকল্পনাকেই সবাই সফল বলত।

কুমান বলেন, যদি মরক্কো শেষ মুহূর্তে গোল না করত, তাহলে হয়তো ডাচ কোচ হিসেবে আজ প্রশংসাই পেতাম। কিন্তু এখন পাঁচ ডিফেন্ডার খেলানোর কারণেই সমালোচনা হচ্ছে। তবুও আমি বিশ্বাস করি, সিদ্ধান্তটি সঠিক ছিল। তিনি আরও জানান, ম্যাচের আগে এই পরিকল্পনা নিয়ে খেলোয়াড়দের সঙ্গে আলোচনা করা হয়েছিল এবং তারাও এতে সম্মতি দিয়েছিলেন।

সমালোচনার জবাবে কুমান বলেন, আপনারা সমালোচনা করতেই পারেন, সেটি আপনাদের অধিকার। কিন্তু আপনারা ম্যাচ দেখেন সাইডলাইন থেকে, আর আমি দলের সঙ্গে মাঠের বাস্তবতা বুঝে সিদ্ধান্ত নিই। কোথায় উন্নতি করতে হবে, সেটিও আমি জানি। তবে একই পরিস্থিতি এলে আমি আবারও একই সিদ্ধান্ত নেব।

রক্ষণাত্মক কৌশলকে ভয়ের বহিঃপ্রকাশ হিসেবে দেখারও বিরোধিতা করেন তিনি। কুমান বলেন, এটা ভয়ের বিষয় নয়। কেন আমি ভয় পাব? মাঠে আমাদের তিনজন স্ট্রাইকার ছিল। লক্ষ্য ছিল রক্ষণকে আরও সংগঠিত করা এবং প্রতিপক্ষকে বিশ্লেষণ করে সেভাবেই পরিকল্পনা সাজানো। কারও ভিন্ন মত থাকতে পারে, আমি সেটিকে সম্মান করি। তবে আমার দৃষ্টিভঙ্গি ভিন্ন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights