নগরীর সব সমস্যা সমাধানে নাগরিকদেরও দায়িত্ব নিতে হবে: ডিএসসিসি প্রশাসক
অনলাইন ডেস্ক
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুস সালাম বলেছেন, এলাকার সমস্যা সমাধানে সরকার ও প্রশাসনের পাশাপাশি নাগরিকদেরও দায়িত্ব পালন করতে হবে।
তিনি বলেন, ‘এলাকার সমস্যা সমাধানে সরকার ও প্রশাসন যেমন কাজ করবে, তেমনি নাগরিকদেরও দায়িত্ব পালন করতে হবে। খাল-ড্রেন দখল ও দূষণ বন্ধ, যত্রতত্র ময়লা না ফেলা, মাদক প্রতিরোধ এবং পরিচ্ছন্নতা রক্ষায় জনগণের সহযোগিতা প্রয়োজন।’
রবিবার রাজধানীর কদমতলী থানাধীন ৬০ নম্বর ওয়ার্ডের জাপানি বাজার জিয়া সরণি খালের পাড় এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ সময় মাদক নির্মূল, পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন, রাস্তাঘাট ও ড্রেন সংস্কার-উন্নয়ন এবং নাগরিক সমস্যা নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
কর্মসূচিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন (সংরক্ষিত মহিলা আসন-৪) এর সংসদ সদস্য শিরীন সুলতানা। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব তানভীর আহমেদ রবিন।
ডিএসসিসি প্রশাসক বলেন, ডিএসসিসির সঙ্গে নতুন করে যুক্ত হওয়া ১৮টি ওয়ার্ডের মধ্যে ৫৮, ৫৯, ৬০ ও ৬১ নম্বর ওয়ার্ডের বিভিন্ন অবকাঠামোগত সমস্যা সমাধানে ১৩০ কোটি টাকার একটি প্রকল্প সরকারের বিবেচনায় রয়েছে। অনুমোদন হলে কাজ শুরু করা হবে। পাশাপাশি ড্রেনের দুই পাশে জায়গা রেখে পাড় তৈরি করে মানুষের চলাচলের ব্যবস্থা করা হবে, যাতে ড্রেন দখল হওয়ার সুযোগ না থাকে।
তিনি বলেন, ‘ড্রেন ও খাল পরিষ্কার করে দেওয়ার পর আবার সেখানে ময়লা ফেলা হলে কোনো সুফল পাওয়া যাবে না। তাই খাল-ড্রেন দখল ও দূষণমুক্ত রাখার দায়িত্ব নাগরিকদেরও নিতে হবে।’ তিনি অবৈধ দখল ছেড়ে দেওয়া এবং ভবিষ্যতে খাল-ড্রেনের জায়গায় অবৈধ দোকানপাট না করার আহ্বান জানান।
মাদক প্রতিরোধ প্রসঙ্গে প্রশাসক বলেন, মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে এবং এ কাজে পুলিশ ও প্রশাসনকে নাগরিকদের সহযোগিতা করতে হবে। একই সঙ্গে তিনি ডেঙ্গু প্রতিরোধে কোথাও পানি জমতে না দেওয়া এবং নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রমে সবাইকে অংশ নেওয়ার আহ্বান জানান।
বৃক্ষরোপণ প্রসঙ্গে ডিএসসিসি প্রশাসক বলেন, একটি সবুজ, পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগর গড়ে তুলতে ব্যাপকভাবে বৃক্ষরোপণের পাশাপাশি রোপণকৃত গাছের পরিচর্যা ও সংরক্ষণ নিশ্চিত করতে হবে।
তিনি বলেন, ‘শুধু সিটি কর্পোরেশনের উদ্যোগে নগরীর সব সমস্যা সমাধান সম্ভব নয়; নাগরিকদের দায়িত্বশীল অংশগ্রহণ থাকলে অনেক সমস্যাই ধীরে ধীরে সমাধান করা সম্ভব হবে।’
মতবিনিময় সভায় এলাকার পানি নিষ্কাশন, রাস্তাঘাট ও ড্রেন উন্নয়ন, মাদক প্রতিরোধ, পরিচ্ছন্নতা, বৃক্ষরোপণসহ বিভিন্ন নাগরিক সমস্যা নিয়ে আলোচনা করা হয়।
এ সময় ঢাকা মহানগর দক্ষিণ বিএনপিসহ সংশ্লিষ্ট এলাকার নেতৃবৃন্দ, ডিএসসিসির কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং এলাকার বাসিন্দারা উপস্থিত ছিলেন।
