নড়াইলে ধারালো অস্ত্রের কোপে এক ব্যক্তি জখম

নড়াইল প্রতিনিধি:

নড়াইলের লোহাগড়া উপজেলায় গ্রামে আধিপত্য বিস্তারের জেরে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের কোপে বাবুল খান (৫০) নামে এক ব্যক্তি গুরুতর জখম হয়েছেন। সোমবার বিকেলে উপজেলার লক্ষীপাশা ইউনিয়নের হামারোল গ্রামে এ হামলার ঘটনা ঘটে। আহত বাবুল উপজেলার হামারোল গ্রামের মৃত রিজাউল খান ওরফে রিজুল খানের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার আমাদা ও হামারোল গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কাশেম খাঁন সমর্থিত লোকজনদের সঙ্গে আজাদ মোল্যা সমর্থিত লোকজনের মধ্যে দ্বন্দ্ব-সংঘাত চলছিল। সোমবার বিকেলে বাবুল খান আমাদা বাজারে গেলে প্রতিপক্ষ গ্রুপের লোকজন দেশীয় ধারালো অস্ত্র নিয়ে বাবুলকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করেন। অস্ত্রের কোপে বাবুলের ডান পা এবং হাত প্রায় বিচ্ছিন্ন হয়ে গেছে।গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। পরে শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাকে যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন কুমার রায় বলেন, এ ঘটনায় এখনো কোন মামলা দায়ের হয়নি। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights