নতুন পরিচয়ে তমা, চাইলেন দোয়া

শোবিজ ডেস্ক
নতুন পরিচয়ে যুক্ত হয়েছেন ঢাকাই সিনেমার লাস্যময়ী অভিনেত্রী তমা মির্জা। সম্প্রতি দেশের একটি বেসরকারি ব্যাংকে অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট (এভিপি-ব্র্যান্ড অ্যান্ড কমিউনিকেশনস) পদে যোগদান করেছেন তিনি। বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন এ অভিনেত্রী।

নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, জীবনের একটা নতুন অধ্যায় শেয়ার করতে যাচ্ছি আপনাদের সঙ্গে। তার আগে বলে রাখি, অভিনয় আমার প্রথম ভালোবাসা আর ভালো লাগার জায়গা। এখানেই আমি আছি, থাকব এবং সামনে আরও ভালো ভালো কাজ করবো, ইনশাআল্লাহ।

নতুন পরিচয়ের কথা জানিয়ে তিনি আরও লেখেন, অভিনয়জীবনের বাইরে একটি নতুন পরিচয় সম্প্রতি যোগ হয়েছে আমার জীবনে। আর তা হলো, দেশের অন্যতম শীর্ষস্থানীয় বেসরকারি ব্যাংক এবি ব্যাংকের ব্র্যান্ড কমিউনিকেশন ডিপার্টমেন্ট-এ যোগদান করেছি। এখন থেকে অভিনয়ের পাশাপাশি নতুন এই পেশাতেও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনে চেষ্টা করে যাব। আপনাদের ভালোবাসা আর দোয়ায় রাখবেন সব সময়ের মতোই।

উল্লেখ্য, জাতীয় পুরস্কারপ্রাপ্ত এ অভিনেত্রীকে সর্বশেষ দেখা গেছে ‌‘দাগি’ সিনেমায়। শিহাব শাহীনের পরিচালনায় এতে তার বিপরীতে অভিনয় করেন আফরান নিশো। এ ছাড়া শিগগিরই শুটিং শুরু করবেন ‘খলনায়ক’ সিনেমার। আপাতত সেটির প্রস্তুতি নিচ্ছেন নায়িকা।

বোঝাই যাচ্ছে, চাকরি ও অভিনয়— দুই মিলিয়ে ভীষণ ব্যস্ত সময় কাটছে তমা মির্জার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights