নতুন বাংলাদেশ গড়ার রোডম্যাপ দিতে হবে : গণতন্ত্র মঞ্চ

নিজস্ব প্রতিবেদক

নতুন বাংলাদেশ গড়তে রোডম্যাপ দেওয়ার আহ্বান জানিয়েছে গণতন্ত্র মঞ্চ। আজ রবিবার গণতন্ত্র মঞ্চের পরিচালনা পরিষদের সভা নাগরিক ঐক্যের কেন্দ্রীয় কার্যালয়ে এই আহ্বান জানানো হয়। সভায় নেতৃবৃন্দ জনগণের সরকার প্রতিষ্ঠায় বিগত ফ্যাসিবাদী সরকারের বিপক্ষে গণতন্ত্র মঞ্চের দীর্ঘ সময়ের যে আন্দোলন প্রচেষ্টা, প্রত্যয়ে জনগণের মাঝে যে স্বপ্নবীজ বুনেছিল তা বাংলাদেশে সুশাসন প্রতিষ্ঠার ভিত্তি বলে উল্লেখ করেন।

সভায় নেতৃবৃন্দ বলেন, শিক্ষার্থী-জনতার অভ্যুত্থানের মাধ্যমে যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে তার প্রতি মানুষের আকাঙ্ক্ষা অনেক। রাষ্ট্রের প্রতিটি ক্ষেত্রে ব্যাপক সংস্কার প্রয়োজন। জাতীয় পুণর্গঠন কমিশন, প্রশাসনিক সংস্কার কমিশন, অর্থনৈতিক সংস্কার কমিশন গঠন, সরকারের বিকেন্দ্রীকরণ, ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠা, স্থানীয় সরকার, বিচার বিভাগের স্বাধীনতা, ফ্যাসিবাদী বিভিন্ন আইন বাতিল, দুর্নীতি দমনে ন্যায়পাল নিয়োগ, গণমাধ্যমের স্বাধীনতা, কৃষিপণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত, শিক্ষা, স্বাস্থ্য, শিল্প, বিজ্ঞান, প্রযুক্তি, তথ্যপ্রযুক্তি, যোগাযোগ ব্যবস্থা, বিদ্যুৎ ও জ্বালানির অগ্রাধিকার উন্নয়ন, জনস্বার্থ বিবেচনায় বৈষম্য নিরসনের নীতি প্রণয়ন, জলবায়ু পরিবর্তন বিবেচনা প্রস্তুতি গ্রহণ, ব্যাপক কর্মসংস্থান, যুব ও নারী অংশগ্রহণ ক্ষেত্র সৃষ্টি, নাগরিক সামাজিক নিরাপত্তা, সর্বোপরি সাম্য, সামাজিক মর্যাদার ভিত্তিতে সুসম্প্রীতির সমাজ গড়তে সরকারকে উদ্যোগ নিতে হবে। সুশাসন প্রতিষ্ঠার সাথেই গ্রহণযোগ্য নির্বাচনের জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে বর্তমান অন্তর্বর্তী সরকারকে।

নেতৃবৃন্দ আরও বলেন, রাষ্ট্র ও এর সকল প্রতিষ্ঠানকে ধ্বংস করে দেওয়া এক দানব স্বৈরাচার শাসকের পতন ঘটেছে। দেশের মানুষের আশার প্রতিফলন ঘটাতে দীর্ঘ সময় সংগ্রাম টিকিয়ে রাখা, মানুষকে উজ্জীবিত রাখা, সংস্কারের প্রত্যয় ব্যক্ত করা রাজনৈতিক সংগঠনের মত ও অংশগ্রহণ ঘটাতে হবে।
নাগরিক ঐক্যের কেন্দ্রীয় কার্যালয়ে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নার সভাপতিত্বে এই সভায় বক্তব্য রাখেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম বাবলু, রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ুম, জাতীয় সমাজতান্ত্রিক দল- জেএসডি’র সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন।

সভায় আরও উপস্থিত ছিলেন নাগরিক ঐক্যের সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কায়সার, প্রেসিডিয়াম সদস্য মোফাখখারুল ইসলাম নবাব, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য বহ্নিশিখা জামালী, মীর মোফাজ্জল হোসেন, জাতীয় সমাজতান্ত্রিক দল- জেএসডি’র স্থায়ী কমিটি সদস্য কে. এম. জাবির, গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় সম্পাদকমণ্ডলীর সদস্য বাচ্চু ভুঁইয়া, ভাসানী অনুসারী পরিষদের সদস্য যুগ্ম আহ্বায়ক নুরুজ্জামান হীরা, যুগ্ম সচিব হাবিবুর রহমান, নাগরিক ঐক্যের সাংগঠনিক সম্পাদক এস এম এ কবীর হাসান প্রমুখ নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights