নদী থেকে ইটভাটা শ্রমিকের লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, সিলেট

সিলেট মহানগরের আওতাধীন দক্ষিণ সুরমার ঝালোপাড়া এলাকায় সুরমা নদী থেকে মো. কাওসার আহমদ (৩৫) নামের এক ইটভাটা শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার বেলা ১১টার দিকে দক্ষিণ সুরমা থানার একদল পুলিশ ঝালোপাড়া মসজিদ ঘাট থেকে লাশটি উদ্ধার করে।

কাওসার আহমদ সিলেটের জকিগঞ্জের উত্তর লোহারমহলের আতাউর রহমানের ছেলে। তিনি সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজারে একটি ইটভাটায় কাজ করতেন। সেখানেই একটি বাসায় তিনি ভাড়া থাকতেন। তবে এটি খুন না স্বাভাবিক মৃত্যু- এখনই বলতে পারছে না পুলিশ।

সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার মুহাম্মদ সাইফুল ইসলাম বলেন- স্থানীয়রা লাশটি দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। মরদেহটি কিছুটা পঁচে গেছে, তাই আঘাতের চিহ্ন আছে কি না বোঝা যাচ্ছে না। কীভাবে মৃত্যু হয়েছে সেটি ময়নাতদন্তের পর বলা যাবে। তবে খুন না স্বাভাবিক মৃত্যু- সে বিষয়ে খোঁজ নিচ্ছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights