নববধূ নিয়ে বাড়ি ফেরার পথে জেনারেটরের ইঞ্জিনে ওড়না পেঁচিয়ে বরযাত্রীর মৃত্যু
নেত্রকোনা প্রতিনিধি
নেত্রকোনার মদনে নববধূ নিয়ে বাড়ি ফেরার পথে ট্রলার ঘাটে জেনারেটরের ইঞ্জিনে বোরকা পেঁচিয়ে রিনা আক্তার (৩৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে। শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টায় উপজেলার দেওয়ান বাজার ট্রলার ঘাটে এ দুর্ঘটনা ঘটে।
তিনি ভোলা জেলা সদরের বাসিন্দা। ছোট বোনের দেবরের বিয়ের দাওয়াতে এসে বরযাত্রী হয়ে উপজেলার মাঘান গিয়েছিলেন।
স্থানীয় লোকজন ও পুলিশ সূত্রে জানা যায়, মদন পৌরসভার জাহাঙ্গীরপুর মাহমুদপুর গ্রামের সাত্তার মিয়ার ছেলে ছেলে সুজ্জামানের সঙ্গে একই উপজেলার মাঘান গ্রামের জজ মিয়ার মেয়ে তামান্নার পারিবারিকভাবে বিবাহ অনুষ্ঠিত হয়। শুক্রবার রাতে ওই অনুষ্ঠান শেষে নববধূকে নিয়ে বরের বাড়ি আসার সময় উপজেলার দেওয়ান বাজার মগড়া নদীরর ট্রলার ঘাটে এসে পৌঁছায় বরযাত্রীবাহী ইঞ্জিনচালিত নৌকাটি। এসময় নৌকার জেনারেটর বন্ধ না করেই যাত্রীদের ট্রলার থেকে নামায় চালক।
এসময় রিনা আক্তার নামতে গিয়ে জেনারেটরের ইঞ্জিনের চাকার মধ্যে বোরকার ওড়না আটকে পড়ে যান। এতে সে গুরুতর আহত হয়। আহত অবস্থায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে মদন থানার ওসি মো. সালাউদ্দিন করিম সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগের প্রেক্ষিতে পরবর্তী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
