নবী হোসেন গ্রুপের প্রধান ও তার ভাই বিদেশি অস্ত্রসহ আটক

কক্সবাজার প্রতিনিধি

মিয়ানমারের সন্ত্রাসী সংগঠন নবী হোসেন গ্রুপের প্রধান নবী হোসেন (৪৭) এবং তার ভাই সৈয়দ হোসেন ওরফে বুলু (৪৫)-কে বিদেশি পিস্তলসহ গ্রেফতার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। অভিযানের সময় তাদের কাছ থেকে ২টি বিদেশি পিস্তল এবং ৮ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

শনিবার রাতে আর্মড পুলিশ ব্যাটালিয়নের ১৪ নম্বর ব্যাটালিয়নের অধিনায়ক, অতিরিক্ত ডিআইজি মো. ইকবাল এই তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেফতারকৃত নবী হোসেন উখিয়ার ৮ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ইস্ট ব্লক-বি/৪১ এর বাসিন্দা এবং মৃত মোস্তাক আহমেদের ছেলে। তার ভাই সৈয়দ হোসেন ওরফে বুলুও একই ক্যাম্পের বাসিন্দা।
অতিরিক্ত ডিআইজি মো. ইকবাল জানান, শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উখিয়ার পালংখালী ইউনিয়নের ইরানি পাহাড় পুলিশ ক্যাম্পের আওতাধীন রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প-৮/ওয়েস্ট এর মেইন-ব্লক-বি, সাব-ব্লক-আই/১৪ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

নবী হোসেন মিয়ানমারের সন্ত্রাসী সংগঠনের প্রধান এবং বাংলাদেশে ইয়াবা চোরাচালানের মূলহোতা হিসেবে পরিচিত। তার নেতৃত্বে উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা ক্যাম্প এলাকায় একটি সশস্ত্র বাহিনী পরিচালিত হচ্ছে, যার মাধ্যমে তিনি হত্যা, অপহরণ এবং মাদক চোরাচালানের মতো অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছেন।

২০২২ সালের ফেব্রুয়ারিতে নবী হোসেনকে ধরার জন্য বিজিবি ১০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করে। তার বিরুদ্ধে আগে থেকেই বিভিন্ন মামলা রয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights