নরসিংদীতে আগুনে পুড়ে শিশুর মৃত্যু

নরসিংদী প্রতিনিধি:

নরসিংদীর রায়পুরায় আগুনে পুড়ে এক শিশুর মৃত্যু হয়েছে। এসময় আগুনে ৪টি বসতঘর পুড়ে গেছে। মঙ্গলবার দুপুরে রায়পুরার শ্রীনগর ইউনিয়নের ভেলুয়ারচর পূর্বপাড়া গ্রামের কাংগুর বাড়িতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। অগ্নিকান্ডে ৪টি বসত ঘর পুরোপুড়ি ভস্মিভূত হয়ে গেছে। নিহত শিশু হামিম মিয়া ভেলুয়ারচর পূর্ব পাড়া গ্রামের সৌদি প্রবাসী শফিকুল ইসলামের ছেলে।

স্থানীয়রা জানিয়েছেন, দুপুর ৩টার দিকে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে রায়পুরার শ্রীনগর ইউনিয়নের ভেলুয়ারচর পূর্ব পাড়া গ্রামের শফিকুল ইসলামের বসত ঘরে আগুনের সূত্রপাত হয়। মুহুর্তের মধ্যেই আগুনের লেলিহান পুরো ঘরে ছড়িয়ে পড়ে। পরে আগুন আরো ৪টি বসতঘরে ছড়িয়ে পড়ে। এসময় আগুনে পুড়ে হামিম মিয়া নামে এক শিশু নিহত হয়েছে। আগুন লাগার খবর পেয়ে স্থানীয় চেয়ারম্যান রিয়াজ মোরশেদ খান রাসেল ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

নিহত শিশুর মা তানিয়া বেগম বলেন, দুপুরে আমার ছোট ছেলে হামিমকে খাইয়ে রেখে আমি ধান লাড়তে মাঠে যাই। পরে খবর পাই বাড়িতে আগুন লাগছে। এসে দেখি আমার ঘরে আগুন জ্বলছে। ঘরে গিয়ে ছেলেকে উদ্ধার করার চেষ্টা করি। কিন্তু পারিনি। আগুনে পুড়ে ঘরের ভেতরে থাকা আমার শিশু সন্তান শেষ হয়ে গেছে।
শ্রীনগর ইউনিয়নের চেয়ারম্যান রিয়াজ মোরশেদ থান রাসেল জানিয়েছেন, চরাঞ্চলে ফায়ার সার্ভিস আসার কোন রাস্তা নেই। তাই স্থানীয়রা প্রায় ১ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। আগুনে ১ শিশু নিহত হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights