নরসিংদীতে ট্রেনে কাটা পড়ে যুবক নিহত

নরসিংদী প্রতিনিধি

নরসিংদীর রায়পুরা উপজেলায় ট্রেনে কাটা পড়ে সজল মিয়া (৪০) নামে এক ব্যক্তি মর্মান্তিকভাবে নিহত হয়েছেন। দুর্ঘটনায় তাঁর বাম পা হাঁটুর নিচ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়।

মঙ্গলবার (২২ এপ্রিল) দুপুর ৩টার দিকে দৌলতকান্দি রেলস্টেশনসংলগ্ন জয়নগর রেলক্রসিং এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত সজল মিয়ার বাড়ি ময়মনসিংহের গফরগাঁও উপজেলার সালটিয়া গ্রামে। তিনি মো. হাফিজ উদ্দিনের ছেলে।

রেলওয়ে পুলিশ জানায়, সকাল সাড়ে ৮টার দিকে ঢাকাগামী ‘এগারোসিন্দুর এক্সপ্রেস’ ট্রেনটি দৌলতকান্দি রেলস্টেশন অতিক্রম করার পরপরই জয়নগর রেলক্রসিং এলাকায় দুর্ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শীদের মতে, সজল মিয়া রেললাইনের ওপর দিয়ে হাঁটছিলেন। এ সময় ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

স্থানীয় বাসিন্দারা দুপুর আড়াইটার দিকে লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। পরে নরসিংদী রেলওয়ে ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) জহুরুল ইসলাম ঘটনাস্থলে উপস্থিত হয়ে সাড়ে ৩টার দিকে লাশ উদ্ধার করেন এবং প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি করেন।

প্রথমে মৃত ব্যক্তির পরিচয় অজ্ঞাত থাকলেও, পরে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এসে পরিচয় শনাক্ত করে।

এসআই জহুরুল ইসলাম জানান, নিহতের পরিচয় শনাক্ত করা গেছে। তার পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে। লাশটি ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights