নরসিংদীতে মামলা প্রত্যাহার ও মুক্তির দাবিতে মানববন্ধন
নরসিংদী প্রতিনিধি
নরসিংদীর মেহেরপাড়ার দক্ষিণ আফ্রিকা প্রবাসী রাসেল মাহমুদ, নোবেল মাহমুদ ও তাদের পরিবারের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ও মুক্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল হয়েছে।
বুধবার দুপুরে জাগ্রত ছাত্র-জনতা’র ব্যানারে নরসিংদী প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় মানববন্ধনে গ্রেফতার ব্যক্তিদের পরিবারের লোকজনসহ কয়েকশত এলাকাবাসী অংশ নেয়।
মানববন্ধনে বক্তারা বলেন, মেহেরপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাহবুবুল হাসান হত্যার প্রকৃত রহস্য উদঘাটন, প্রকৃত অপরাধীদের গ্রেফতার ও নিরপরাধীদের হয়রানি বন্ধের দাবি জানান।
তারা বলেন, দক্ষিণ আফ্রিকা প্রবাসী রাসেল মাহমুদ, নোবেল মাহমুদ ও তার পরিবারের বিরুদ্ধে মিথ্যা মামলা করা হয়েছে। মেহেরপাড়ার সাবেক চেয়ারম্যান মাহবুবুল হাসান হত্যার সাথে তারা কোনোভাবেই জড়িত নয়। মাহবুবুল হাসান হত্যার সঠিক তদন্ত করে প্রকৃত আসামিদের চিহ্নিত করে শাস্তির ব্যবস্থা করা হোক।
মানববন্ধনে বক্তব্য রাখেন ভিসিসির চেয়ারপার্সন ও লেখক গোলাম মোস্তফা ভূইয়া, রাসেল মাহমুদের বাবা হাবিবুর রহমান, স্ত্রী হ্যাপী বেগম, ছোট ভাই হিমেল মাহমুদসহ অনেকেই।
