নর্থ সাউথ ইউনিভার্সিটিতে ‘ইমিউনাইজেশন ফর অল’ শীর্ষক সচেতনতামূলক সেশন
অনলাইন ডেস্ক
ওয়ার্ল্ড ইমিউনাইজেশন উইক-২০২৬ উপলক্ষে নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) ফার্মাসিউটিক্যাল সায়েন্সেস বিভাগ ও নর্থ সাউথ ইউনিভার্সিটির যৌথ উদ্যোগে ‘ইমিউনাইজেশন ফর অল’ শীর্ষক একটি সচেতনতামূলক সেশন অনুষ্ঠিত হয়েছে। টিকাদানের গুরুত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং জনস্বাস্থ্য সুরক্ষায় ভ্যাকসিনের অপরিহার্য ভূমিকা তুলে ধরার লক্ষ্যে এই আয়োজনটি করা হয়।
মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুর ১টায় নর্থ সাউথ ইউনিভার্সিটির অডিটোরিয়াম ৮০১-এ অনুষ্ঠিত সেশনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক এবং প্রশাসনের সদস্যরা অংশগ্রহণ করেন। এই সচেতনতামূলক সেশনের মাধ্যমে টিকাদান কর্মসূচির গুরুত্ব, প্রতিরোধযোগ্য রোগ থেকে সুরক্ষা, এবং সুস্থ সমাজ গঠনে ভ্যাকসিনের ভূমিকা সম্পর্কে অংশগ্রহণকারীদের অবহিত করা হয়।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ডা. মো. নজরুল ইসলাম রিউমাটোলজি বিভাগ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ)। যিনি জনস্বাস্থ্য ও ইমিউনাইজেশন বিষয়ক তার অভিজ্ঞতা ও জ্ঞান থেকে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন। তার বক্তব্যে টিকাদান নিয়ে বিদ্যমান ভুল ধারণা দূর করা, জনসচেতনতা বৃদ্ধি এবং সকলের জন্য সমানভাবে টিকার প্রাপ্যতা নিশ্চিত করার প্রয়োজনীয়তা তুলে ধরা হয়। এ ছাড়াও উপস্থিত ছিলেন সাইনোভিয়া ফার্মাসিউটিক্যালস অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার লাকি সিনঘা।
অনুষ্ঠানটিকে অলংকৃত করেন নর্থ সাউথ ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী, উপ-উপাচার্য অধ্যাপক নাসার ইউ আহমেদ এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আবদুর রব খান। এ ছাড়াও উপস্থিত ছিলেন স্কুল অব হেলথ অ্যান্ড লাইফ সায়েন্সেসের ডিন অধ্যাপক ড. দীপক কুমার মিত্র এবং ফার্মাসিউটিক্যাল সায়েন্সেস বিভাগের চেয়ারম্যান ড. মোহাম্মদ হুসেন শাহরিয়ার।
এই আয়োজনের মাধ্যমে নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) ফার্মাসিউটিক্যাল সায়েন্সেস বিভাগ জনস্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে। শিক্ষার্থীদের মধ্যে সামাজিক দায়বদ্ধতা ও স্বাস্থ্য সচেতনতা বাড়ানোর পাশাপাশি এই উদ্যোগটি বিশ্বব্যাপী টিকাদান কার্যক্রমকে আরও শক্তিশালী করার প্রচেষ্টায় একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
উল্লেখ্য, এই সচেতনতামূলক সেশনটি সাইনোভিয়া-এর পৃষ্ঠপোষকতায় আয়োজিত হয়, যা স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি ও জনকল্যাণমূলক উদ্যোগে প্রতিষ্ঠানটির সহযোগিতার প্রতিফলন। এই উদ্যোগের মাধ্যমে নর্থ সাউথ ইউনিভার্সিটি আশা করে, শিক্ষার্থী ও অংশগ্রহণকারীরা টিকাদানের গুরুত্ব সম্পর্কে আরও সচেতন হবেন এবং একটি সুস্থ, নিরাপদ ও রোগমুক্ত সমাজ গঠনে সক্রিয় ভূমিকা পালন করবেন।
